ভারতে করোনা শনাক্তের হার ২.৪ %
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৪। এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ২ দশমিক ১৪। আজ শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারত সরকারের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে এক দিনের ব্যবধানে মোট শনাক্ত বেড়েছে ১০ শতাংশ। পরীক্ষার তুলনায় শনাক্তের হারও বেড়েছে। সর্বশেষ তথ্য নিয়ে ভারতে করোনা সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৩২ হাজার ১৫৯। করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৪৩।
সরকারি হিসাব অনুসারে, করোনার সংক্রমণ বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কারণ, দেশটিতে ৩৩ দিন ধরে দৈনিক ৩ শতাংশের নিচে করোনা শনাক্ত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।
ভারতে করোনা থেকে রোগীর সেরে ওঠার হার বাড়ছে। এই হার ৯৭-এর বেশি। এ ছাড়া দেশটিতে ৪২ কোটির বেশি মানুষকে এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। এমন পরিস্থিতিতে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। আগস্টের শেষ দিকে ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
গত মার্চের মাঝামাঝি সময়ে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। এরপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়।
গত ৪ এপ্রিল ভারতে করোনা সংক্রমণে শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ জুন ছাড়ায় তিন কোটির মাইলফলক। ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়। আর ২ জুলাই মৃত্যু চার লাখের মাইলফলক ছাড়ায়।
বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড রয়েছে ভারতের দখলে। ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর ভারত। ভারতের পর ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। ব্রাজিল দ্বিতীয়। ভারত আছে তৃতীয় অবস্থানে।