ভারতে কারারক্ষীকে মেরে আট 'জঙ্গির' চম্পট, পরে গুলিতে সবাই নিহত
ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের সেন্ট্রাল জেলের এক কারারক্ষীকে হত্যা করে পালিয়ে যাওয়ার পর আট কয়েদির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তাঁরা সবাই নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) সদস্য। পুলিশের দাবি, পুলিশ ও সন্ত্রাসী মোকাবিলা স্কোয়াডের সঙ্গে সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রোববার দেশজুড়ে যখন দীপাবলি পালিত হচ্ছিল, আতশবাজি রোশনাইয়ে দেশ যখন মাতোয়ারা, তখন শেষ রাতের দিকে সেন্ট্রাল জেলের এক রক্ষীকে গলা কেটে খুন করে ওই আটজন জেল থেকে পালান।
>জঙ্গিরা বিছানার চাদর জুড়ে জুড়ে তা বেয়ে জেলের পাঁচিল টপকে পালিয়ে যায়। জেল থেকে পালানোর খবর পাওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয়ে যায় ব্যাপক তল্লাশি। রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোর ওপর রাখা হয় কড়া নজর। অবশেষে শহরের উপকণ্ঠে তাদের দেখা মেলে। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়
ভোপাল রমন সিং
রাজ্যপুলিশের উপমহাপরিচালক
রাজ্যপুলিশের উপমহাপরিচালক ভোপাল রমন সিং বলেন, ‘জঙ্গিরা বিছানার চাদর জুড়ে জুড়ে তা বেয়ে জেলের পাঁচিল টপকে পালিয়ে যায়। জেল থেকে পালানোর খবর পাওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয়ে যায় ব্যাপক তল্লাশি। রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোর ওপর রাখা হয় কড়া নজর। অবশেষে শহরের উপকণ্ঠে তাদের দেখা মেলে। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়।’
মৃতদেহগুলো যেখানে পাওয়া যায় শহর থেকে তার দূরত্ব ১৫ কিলোমিটার। গ্রামবাসী তাঁদের ডাকাত ভেবে চ্যালেঞ্জ করলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর গ্রামবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এলে তাঁরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন।
রাজ্যপুলিশের মহাপরিচালক যোগেশ চৌধুরী জানান, পাল্টা গুলিতে জঙ্গিরা মারা যান। তিনি বলেন, ঘণ্টা খানেক চলা এই গুলিবাজিতে জঙ্গিদের আক্রমণে দুই পুলিশ কর্মীও আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের কাছ থেকে খেজুর ও একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, জেল পালানোর ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) এ ঘটনা তদন্ত করতে বলা হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন ২০১৩ সালে ভূপাল থেকে ২৮০ কিলোমিটার দূরে খান্ডোয়ার জেল ভেঙে পালিয়েছিলেন। তাঁদের সবার বিরুদ্ধেই দেশদ্রোহ ও সন্ত্রাসী কাজকর্মের অভিযোগ রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেছেন, ওরা প্রত্যেকেই মারাত্মক সন্ত্রাসী। যেভাবে ওরা পুলিশের ওপর আক্রমণ করেছিল তাতে তাদের মেরে ফেলা ছাড়া অন্য উপায় ছিল না।
সিমির প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৭ সালে উত্তর প্রদেশের আলিগড়ে। প্রথম প্রথম তারা জামায়াতে ইসলামি হিন্দের ছাত্র শাখা হিসেবে কাজ করছিল। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পরই সিমিকে নিষিদ্ধ করা হয়। ২০০৮ সালে কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সেই বছরই ফের সিমিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।