ভারতে কালো টাকার হদিস দিলে ৫ কোটি রুপি পুরস্কার

কালো টাকা, বেনামি সম্পত্তি এবং কর ফাঁকিদাতাদের তথ্য জানার জন্য মোটা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার। গতকাল শুক্রবার কেন্দ্রীয় সরকারের ওই নির্দেশে বলা হয়েছে, এ ব্যাপারে সংবাদদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
‘বেনামি লেনদেন সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পুরস্কার যোজনা -২০১৮ ’ ঘোষণা করেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। এতে বলা হয়েছে, যেকোনো রকমের বেনামি লেনদেন বা বেনামি সম্পত্তির সন্ধান দিতে পারলে পুরস্কার মিলবে ১ কোটি রুপি পর্যন্ত। বিদেশে পাচার করা কালো টাকার সন্ধান দিতে পারলে পুরস্কার মিলবে ৫ কোটি রুপি পর্যন্ত। আর আয়কর ও সম্পত্তি কর ফাঁকি দেওয়ার খবর দিতে পারলে মিলবে ৫০ লাখ রুপি পর্যন্ত নগদ পুরস্কার ।
বেনামি এই লেনদেনের এই খবর দেওয়া যাবে ভারতের আয়কর দপ্তরের অধীন ‘বেনামি প্রতিরোধ ইউনিট’ বা বিপিইউ’এর যুগ্ম ও অতিরিক্ত কমিশনারদের কাছে। তথ্য দিতে পারবেন বিদেশিরাও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগেই ২০১৪ সালে নির্বাচনী প্রচারকালে ঘোষণা দিয়েছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদেশ থেকে ভারতীয়দের কালো টাকা উদ্ধার করে আনা হবে। এরপর বিপুল ভোটে জয়ী হন মোদি। তিনি কালো টাকা বিদেশ থেকে আনার উদ্যোগ নিলেও তেমন সফল হননি।
আর এই কালো টাকা উদ্ধার এবং লেনদেন বন্ধের জন্য ২০১৬ সালের ৮ নভেম্বর নরেন্দ্র মোদি আচমকা দেশের চলমান ১০০০ ও ৫০০ রুপির নোট বাতিল করেন। এটি করেও তেমন সফলতা পাননি মোদি। তাই এবার নতুন করে কালো টাকা, বেনামি সম্পত্তি এবং কর ফাঁকিদাতাদের তথ্য জানার জন্য মোটা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে মোদি সরকার।