ভারতে কালোটাকার রাশ টানতে ইসির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোট-বন্দীর সুযোগ নিয়ে ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ হওয়ার নতুন এক প্রস্তাব দিয়েছে। কমিশন মনে করছে, এই প্রস্তাব কার্যকর হলে রাজনীতি ও নির্বাচনে কালোটাকার ঝনঝনানি অনেকটাই কমানো যাবে। এই প্রস্তাব বলবৎ করতে হলে দেশের প্রচলিত আইনে সংস্কার আনতে হবে।
ভারতের রাজনৈতিক দলগুলো এখন ২০ হাজার রুপি পর্যন্ত নগদে চাঁদা নিতে পারে। এই টাকার উৎস জানানোর কোনো বাধ্যবাধকতা কোনো রাজনৈতিক দলের নেই। তা ছাড়া, রাজনৈতিক দলগুলো আয়করের আওতা থেকেও মুক্ত। নির্বাচন কমিশন মনে করছে, এই দুই ক্ষেত্রে আইনের বদল ঘটানো গেলে কালোটাকার রাশ বহুলাংশে কমানো যাবে।
৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল নিয়ে সারা দেশ যখন জেরবার, সরকার ও বিরোধী পক্ষের মধ্যে এ নিয়ে চাপান-উতোর যখন তুঙ্গে, তখন নির্বাচন কমিশনের এই প্রস্তাব এক নতুন সম্ভাবনার রাস্তা খুলে দিয়েছে। কিন্তু রোববার নির্বাচন কমিশন এই প্রস্তাব দিলেও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলই এ নিয়ে মন্তব্য করেনি। কোনো দল এই প্রস্তাবকে স্বাগতও জানায়নি।
এমনকি, বিজেপিও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব নিয়ে তার প্রতিক্রিয়া জানায়নি। তৃণমূল কংগ্রেস বলেছে, তারা সব সময়ই নির্বাচনী সংস্কারের পক্ষে। আম আদমি পার্টি এই প্রস্তাব নিয়ে মন্তব্য না করে বলেছে, বিজেপি জানাক তারা নগদে কত টাকা চাঁদা নিয়েছে।
নির্বাচন কমিশনের এক সূত্র প্রথম আলোকে বলেন, ২০ হাজার রুপি পর্যন্ত নগদে চাঁদা নেওয়া ও দাতার পরিচয় গোপন রাখার মাধ্যমে রাজনৈতিক দলগুলো তার দায়বদ্ধতা সহজেই ঝেড়ে ফেলে। এভাবে বছরে কয়েক শ কোটি টাকা দলগুলোর তহবিলে আসে, যা প্রধানত ভোটের লাগামছাড়া খরচে সহায়ক হয়। সূত্রটি বলেন, অজ্ঞাতপরিচয় এসব দাতার চাঁদার অঙ্ক এক ধাক্কায় ২০ থেকে ২ হাজারে নামিয়ে আনা গেলে কালোটাকার আমদানি যেমন কমবে, তেমনি দলগুলোর দায়বদ্ধতাও চিহ্নিত করা যাবে। তাঁর মতে, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দাতাদের পরিচয় রাখাটা মোটেই বড় বিষয় নয়। রাজনৈতিক স্বচ্ছতার স্বার্থে সেই দায়িত্ব দলগুলোর নেওয়া উচিত। তবে তা করতে গেলে সরকারকে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন ও ১৯৬১ সালের আয়কর আইনে সংশোধন আনতে হবে। সে জন্য সরকারকে উদ্যোগী হতে হবে।
চাঁদা, বাড়ি, মূলধনি আয় ও বিভিন্ন সূত্র থেকে যত আয় রাজনৈতিক দলগুলোর হয়, তা আয়কর আইনের আওতায় পড়ে না। প্রচলিত আইনে রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।