ভারতে কিছু শিল্প ও প্রকল্পের কাজ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মোকাবিলার পাশাপাশি প্রধানত গ্রামীণ অর্থনীতি চালু করতে নয়া নির্দেশিকা প্রকাশ করা হলো। আজ বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশিকায় বলেছে, ২০ এপ্রিল থেকে স্বাস্থ্য, কৃষি, মাছ, বাগানজাত ফুল-ফল, দুধ, পশুপালন ও পোলট্রি শিল্পে কাজ শুরু করা যাবে। চা, কফি ও রবার বাগানেও কাজ শুরু করা যাবে মোট শ্রমিকের ৫০ শতাংশ দিয়ে।

নির্দেশিকা অনুযায়ী, একই সঙ্গে চালু হবে ফসল কাটা ও বোনার কাজ। এক শ দিনের কাজও ওই দিন থেকে শুরু করা হবে। কাজে যোগ দেবেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও। এই নির্দেশ অনুযায়ী, কোনো কোনো শিল্প ও কিছু কিছু ক্ষেত্রে নির্মাণকাজও শুরু করার কথা বলা হয়েছে। যেমন রাস্তা, সেতু, ঘরবাড়ি ও সেচ প্রকল্পের কাজ, যেখানে আঞ্চলিক ও পরিযায়ী শ্রমিকদের অন্ন সংস্থান হয়। তথ্য প্রযুক্তি ও ই-বাণিজ্য কাজও চালু করা হবে। উদ্দেশ্য, কৃষি শ্রমিক, দিন আনি দিন খাই মানুষের দুর্দশা কমিয়ে অর্থনীতিকে সচল রাখা।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দেন। ৩ মে পর্যন্ত তা বজায় রাখার কথা ঘোষণা করেন। কিন্তু সেই সঙ্গে বলেন, ২০ এপ্রিল থেকে কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দেশের যে সব অঞ্চলে করোনার মোকাবিলা ভালোভাবে করা হয়েছে, সেসব জায়গায় কাজকর্ম শুরুর চেষ্টা হবে। তিনি বলেছিলেন, প্রাণ রক্ষার পাশাপাশি জীবিকা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। যেসব এলাকা এখনো করোনার প্রকোপ মুক্ত নয়, সেখানে কঠোরভাবে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই বিষয়ে বুধবার কেন্দ্রীয় নির্দেশাবলি প্রকাশ করার কথাও তিনি বলেছিলেন। সেই অনুযায়ী এই নির্দেশে বলা হয়েছে, পরিস্থিতির বিচারে সরকার যেকোনো সময় যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবে।

সারা দেশে বাস, ট্রেন ও বিমান পরিষেবা অবশ্য বন্ধই থাকছে। বন্ধ থাকবে সব ধরনের বিনোদন কেন্দ্র, থিয়েটার-সিনেমা হল, মল, হোটেল ও যাবতীয় শপিং কমপ্লেক্স। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সমাবেশও বন্ধ থাকবে।

রাজ্যে রাজ্যে আন্তজেলা পণ্য ও শ্রমিক পরিবহন অবশ্য চালু হবে। কৃষি পণ্য বাজারজাত করাও যাবে। বন্ধ থাকবে যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান। বাজার খোলা থাকবে। তবে সর্বত্র সামাজিক ও শারীরিক দূরত্ব সম্পর্কিত বিধি কঠোরভাবে মানতে বলা হবে। অন্যথায় প্রশাসন যেকোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

যেসব রাজ্যে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল রয়েছে, সেখানে কাজ শুরুর কথা নির্দেশিকায় রয়েছে। তবে সব ক্ষেত্রেই কাজ শুরুর আগে দেখতে হবে, কোনোভাবে যেন সংক্রমণ না ছড়ায়। সে জন্য যাবতীয় সাবধানতা নিতে হবে। এই নির্দেশিকায় বলা হয়েছে কয়লা, খনি ও তেল উৎপাদনের কাজ শুরু করা হবে। বাজারে নগদের জোগান ঠিক রাখতে ব্যাংক, এটিএম, বিমা চালু রাখা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিসও চালু করার কথা বলা হয়েছে।

নিষেধাজ্ঞা জারি রাখার পাশাপাশি অর্থনীতি চালু না রাখা গেলে দেশে অসন্তোষ তীব্রতর হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র ও গুজরাটে শ্রমিক বিক্ষোভ দেখা গেছে। দরিদ্র মানুষ বলতে শুরু করেছে, হয় করোনা নয় অনাহার, মৃত্যু অনিবার্য। শিল্প-বাণিজ্য মহল থেকেও সরকারের ওপর চাপ রয়েছে। এই অবস্থায় ২০ এপ্রিল থেকে এই নয়া ব্যবস্থা। স্বাভাবিককরণের এই প্রক্রিয়া ও করোনার বিস্তার খতিয়ে দেখে সরকার ৩ মে পরবর্তী সিদ্ধান্ত নেবে।