ভারতে কিশোরীকে বাসে যৌন উৎপীড়ন শেষে ফেলে হত্যা!
ভারতে চলন্ত বাসে এক কিশোরীকে (১৬) যৌন উৎপীড়নের পর সেখান থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাসটির ঠিকাদারসহ তিনজনের বিরুদ্ধে। খবর এএফপি ও পিটিআইয়ের।
গতকাল বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, উত্তরাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যে গত বুধবার ওই কিশোরী তার মায়ের সঙ্গে একটি বাসে চড়ে যাচ্ছিল। পথে বাসের ঠিকাদার, পরিচ্ছন্নতাকর্মী ও একজন যাত্রী তাদের নানা প্রকারে হয়রানি ও যৌন উৎপীড়ন করে।
মঘা জেলার পুলিশ সুপার এইচ এস পান্নু পিটিআইকে বলেন, এরপর তারা মা-মেয়েকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। বার্তা সংস্থাটি বলেছে, এ ঘটনায় দুজনই গুরুতর আহত হয়। পরে মারা যায় কিশোরীটি। আহত মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটির ঠিকাদার ও পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় ব্যক্তিকে ধরতে চেষ্টা চলছে।
ভারতে চলন্ত বাস ও ট্রেনে কিশোরী এবং নারীদের যৌন হয়রানির বেশ কিছু ঘটনার মধ্যে এটাই সাম্প্রতিকতম। এটি ২০১২ সালে রাজধানী নয়াদিল্লিতে এক মেডিকেলছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর করুণ ঘটনাটিকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়। নারী নির্যাতনের এসব ঘটনায় অনেক দিন ধরেই ভারতজুড়ে অসন্তোষ চলছে।
সাম্প্রতিকতম ঘটনার ওপর এক টেলিভিশন ফুটেজে দেখা যায়, হাসপাতালে নিহত কিশোরীর আহত মায়ের চিকিৎসা চলছে এবং হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন লোকজন। তাঁরা বাস পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।