ভারতে কিশোরীর নয়তলা থেকে লাফ, ভিডিও নিয়ে তোলপাড়

১৪ বছরের এক কিশোরী নবম তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শুরু হয়েছে তোলপাড়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মহারাষ্ট্রের রাজ্যের উত্তর মুম্বাইয়ের কান্দিভলি এলাকায় ঘটে এ ঘটনা।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, ওই কিশোরী নবম তলা থেকে লাফ দেয়। সে একই ভবনের পঞ্চম তলায় থাকত। ওই কিশোরীর লাফ দেওয়ার সময় বেশ কিছু প্রত্যক্ষদর্শী মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও অনলাইনে আপ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
পুলিশ বলছে, যখন ওই মেয়েটি লাফ দেওয়ার জন্য দেয়ালের ওপর দাঁড়ায়, তখন আশপাশের বাসিন্দারা তাকে সেখান থেকে সরে আসতে বলেছিলেন। কিন্তু সে কারও কথায় কান না দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ওই কিশোরীর আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে আমরা তাঁর আত্মীয় ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে তদন্ত করছি। আমরা ওই কিশোরীর মোবাইল ফোন ও অন্যান্য বিষয় পরীক্ষা-নিরীক্ষা করব। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কার্যকলাপও খতিয়ে দেখা হবে।’
তবে একে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে সামান্তা নগর পুলিশ স্টেশন।