ভারতে কৃষকের আত্মহত্যা নিয়ে উত্তাল পার্লামেন্ট
ভূমি অধিগ্রহণ বিল নিয়ে জেরবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আত্মহত্যা রুখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলেন। গতকাল বৃহস্পতিবার লোকসভায় তিনি বলেন, বেশ কয়েক বছর ধরেই কৃষকদের আত্মঘাতী হওয়ার ঘটনা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই সমস্যার সমাধানে সরকার সব ধরনের সুপারিশ গ্রহণে প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষকদের অসহায় অবস্থায় ছেড়ে দিতে পারে না।
আম আদমি পার্টির (এএপি) বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে গত বুধবার রাজস্থানের কৃষক গজেন্দ্র সিংয়ের আত্মহত্যায় ভারতের রাজনীতি তোলপাড়। লোকসভায় এ নিয়ে আলোচনা হলেও রাজ্যসভা বারবার মুলতবি হয়ে যায়। সংসদের বাইরে কংগ্রেস বিক্ষোভ দেখায় দিল্লির মুখ্যমন্ত্রী এএপি নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। বিজেপিও বিক্ষোভে শামিল হয়। তাদের অভিযোগ, গজেন্দ্র আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে এএপির বিরুদ্ধে থানায় করা মামলায় একই অভিযোগ আনা হয়েছে। এএপির পক্ষ থেকে দিল্লি পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলা হয়েছে, রাজ্য সরকারকে হেয় ও অপদস্থ করার জন্যই পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। এই রাজনৈতিক বাদানুবাদের মধ্যেই রাজস্থানের দৌসা জেলায় নিজের গ্রামে গজেন্দ্র সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।
গতকাল লোকসভায় এ নিয়ে আলোচনার জন্য কংগ্রেস মুলতবি প্রস্তাব আনে। স্পিকার তা অগ্রাহ্য করলেও জিরো আওয়ারে আলোচনার অনুমতি দেবেন বলে জানান। বিরোধীরা তাতে রাজি না হলে সভা মুলতবি হয়ে যায়। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে বিষয়টি উত্থাপন করেন এবং কৃষকদের সমস্যার প্রতি সরকারের উদাসীনতা ও ভূমি অধিগ্রহণ নীতির সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেসের সৌগত রায় প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, টুইটারে মতবিনিময় না করে উনি বরং সভায় এসে বিবৃতি দিন। সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা দিন। দেখবেন, আপনাকে বিদেশি লগ্নির জন্য দেশে দেশে ঘুরতে হবে না।’
ভূমি অধিগ্রহণ নীতি ও গজেন্দ্রর আত্মহত্যা মোদি সরকার এবং এএপিকে নিশ্চিতভাবেই কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। অবস্থা সামাল দিতে আজ শুক্রবার এএপির একটি প্রতিনিধিদল গজেন্দ্রর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই মৃত্যু মোদি সরকারের ভূমি অধিগ্রহণ নীতির বাস্তবায়ন আরও কঠিন করে তুলল। সংশোধনীসহ ভূমি অধিগ্রহণ বিল লোকসভায় পাস হলেও বিরোধীদের দাবি অনুযায়ী বিলে বদল না ঘটালে রাজ্যসভায় তা পাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। একমাত্র উপায় সংসদের যৌথ যুগ্ম অধিবেশন ডাকা।