ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ছে শিবসেনা
ভারতের মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে ২৫ বছরের জোট ভাঙার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা নিজেদের একমাত্র মন্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল শিবসেনা। শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে গতকাল সোমবার মুম্বাইয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে ফিরলে তাঁদের দলের মন্ত্রী অনন্ত গীতে ইস্তফা দেবেন। অনন্ত গীতে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী।
উদ্ধব ঠাকরের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এনডিএ থেকে শিবসেনার সমর্থন প্রত্যাহার নিয়ে জল্পনা। মন্ত্রী সরিয়ে নেওয়ার কথা জানালেও সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়া নিয়ে ঠাকরে কোনো মন্তব্য করেননি। সমর্থন প্রত্যাহার করা হলে শিবসেনা হবে দ্বিতীয় দল, যারা এনডিএর সংস্রব ত্যাগ করবে। লোকসভা ভোটের আগে জোট ত্যাগ করেছিল জনতা দল (সংযুক্ত)। শিবসেনার লোকসভা সদস্যসংখ্যা ১৮, রাজ্যসভায় চারজন।
মহারাষ্ট্র বিধানসভার আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় গত সপ্তাহে বিজেপি ও শিবসেনা একলা চলার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ভেঙে যায় বিরোধী শিবির কংগ্রেস-এনসিপি জোটও। এর পরেই প্রথম সমালোচনা শোনা যায় উদ্ধবের চাচাতো ভাই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরের গলায়। বড় ভাইয়ের সমালোচনা করে তিনি গত রোববার বলেছিলেন, জোট ভাঙা সত্ত্বেও ক্ষমতার লোভে শিবসেনা কেন্দ্রে মন্ত্রী রেখে দিয়েছে। এর এক দিন পরেই মন্ত্রী প্রত্যাহারের ঘোষণা দিলেন উদ্ধব ঠাকরে।
বিধানসভার ভোটে রাজ্যে পঞ্চমুখী প্রতিদ্বন্দ্বিতা সরকার গঠনের অনিশ্চয়তা বাড়িয়ে দেওয়ায় ভোট-পরবর্তী জোট নিয়েও জল্পনা বাড়াচ্ছে। বিজেপি-এনসিপি, অথবা বিজেপি-এনসিপি-এমএনএস কিংবা শিবসেনা-এমএনএস, ভোটের পর সম্ভাব্য সব ধরনের জোট নিয়েই চর্চা চলছে।