ভারতে কোরিয়ার আরও বিনিয়োগ কামনা মোদির
নিজের দেশে দক্ষিণ কোরিয়ার আরও বেশি বিনিয়োগ চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দেশ সফরের শেষ দিনে গতকাল মঙ্গলবার কোরিয়ার রাজধানী সিউলে দেশটির শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের নির্বাহীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান মোদি। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
ভারত ও দক্ষিণ কোরিয়া সিইও ফোরামের সভায় দেওয়া ভাষণে মোদি কর ব্যবস্থা আরও উপযোগী করারও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ভারতকে ব্যবসার উপযোগী অঞ্চল হিসেবে গড়ে তুলতে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে আমার সরকার।’
মোদি বিনিয়োগ চেয়ে বলেন, ‘অনেক জায়গা আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। ভারতের সফটওয়্যারের সঙ্গে কোরিয়ার ভারী শিল্প একত্র হয়ে কাজ করতে পারে।’ মোদি দক্ষিণ কোরিয়ার অর্থনীতির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার কাছে বিস্ময়কর লাগত এটাই যে কেমন করে গুজরাটের আয়তনের একটি দেশ এত উন্নতি করতে পারে। কোরিয়া আজকে যেখানে সেখানে আমরাও পৌঁছতে চাই।’
সভায় কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জুন হাই মোদির কথায় সায় দেন। মোদির অর্থনৈতিক পরিকল্পনাকে ‘মোদিনোমিক্স’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে মোদিনোমিক্স এবং কোরিয়ার ৩.০ অর্থনৈতিক পরিকল্পনা একত্র কাজ করতে পারে।’
ভারতীয় প্রধানমন্ত্রীর কোরিয়া সফরের প্রথম দিনে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত হয়। আর ভারতের অবকাঠামো উন্নয়নে এক হাজার কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় কোরিয়া।
মোদি গতকাল দক্ষিণ কোরিয়ার উলসানে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাণপ্রতিষ্ঠান হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন। সেখানে মোদি এক ঘণ্টা কাটান। এ সময় তিনি বলেন, ‘জাহাজ নির্মাণ আমাদের প্রাধান্য দেওয়া একটি শিল্প।’
মোদির পূর্ব এশিয়ার এই সফর শুরু হয়েছিল চীন দিয়ে। সেখান থেকে তিনি যান মঙ্গোলিয়ায়।
ভারতের প্রধানমন্ত্রী গতকাল সিউলে চতুর্থ এশীয় লিডারশিপ সম্মেলনেও ভাষণ দেন। এ সময় তিনি এশিয়ার দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান। মোদি বলেন, ‘ঐক্যবদ্ধ এশিয়া বিশ্বকে পথ দেখাবে। এশিয়ার দেশগুলোর মধ্যে বিভেদই আমাদের পিছিয়ে রেখেছে।’