ভারতে খেলাপি ঋণ ঠেকাতে অধ্যাদেশ জারি
ভারতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাহাড়প্রমাণ খেলাপি ঋণ মোকাবিলায় জারি করা হলো অধ্যাদেশ। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল শুক্রবার এই অধ্যাদেশে সই করেন। এর ফলে কেন্দ্রীয় সরকার ভারতের রিজার্ভ ব্যাংককে প্রয়োজনীয় ক্ষমতা দেবে, যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই সমস্যার মোকাবিলা করতে পারে।
গত বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সমস্যা মোকাবিলায় অধ্যাদেশ জারির সিদ্ধান্তটি অনুমোদন করে রাষ্ট্রপতির কাছে পাঠায়। অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল বলেন, ঋণ যারা শোধ দিচ্ছে না, তাদের দেউলিয়া ঘোষণা করার অধিকার ব্যাংকগুলোকে দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক) এই ক্ষমতা দেবে।
এই অধ্যাদেশ জারির ফলে ঋণগ্রহীতার যাবতীয় সম্পত্তি অধিগ্রহণ করা সহজতর হবে।
অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, ব্যাংকগুলোর ঋণ উদ্ধার ও ঋণ কাঠামোর পুনর্গঠনের ক্ষমতা ছিল। তবে বিভিন্ন কারণে ব্যাংকগুলো সেই ক্ষমতার প্রয়োগে দ্বিধাগ্রস্ত ছিল।