ভারতে গরু-বিতর্ক এবার দিল্লিতে
ভারতের চলমান গরু-বিতর্ক এবার ঢুকে পড়ল খোদ রাজধানী দিল্লিতে। এবং তাকে কেন্দ্র করে শুরু হলো নতুন এক কেন্দ্র-রাজ্য বিতর্ক।
ঘটনার সূত্রপাত রাজধানীতে কেরালা সরকারের নিজস্ব ভবনের ক্যানটিনে গরুর মাংস পরিবেশনের অভিযোগ নিয়ে। অভিযোগটি পেয়ে দিল্লি পুলিশ সোমবার সন্ধ্যায় সরাসরি সেখানে গিয়ে কেরালা রাজ্য সরকারের কর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ভবনের ভেতর ও বাইরে বিভিন্ন বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়।
কেরালার ক্ষুব্ধ কংগ্রেসি মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী গতকাল মঙ্গলবার দিল্লি পুলিশের এই আচরণের তীব্র সমালোচনা করেন। সমালোচনায় মুখর হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সবারই অভিযোগ, রাজ্য সরকারকে না জানিয়ে তাদের ভবনে ঢুকে দিল্লি পুলিশ ঔদ্ধত্যের পরিচয় দিয়েছে। সমালোচনার মুখে দিল্লি পুলিশ কমিশনার বি এস বাসসি বলেছেন, তাঁরা আইন অনুযায়ীই কাজ করেছেন।
দিল্লিতে গরুর মাংস বিক্রি হয় না। বিক্রি হয় মহিষের মাংস। এবং সেটা হয় আইন মেনেই। কেরালা ভবনের ক্যানটিনের সোমবারের মেনুতে ‘বিফ ফ্রাই’ বলে যা লেখা ছিল, তা আসলে ওই মহিষের মাংসই। তবে ‘হিন্দু সেনা’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা মেনুতে ‘বিফ ফ্রাই’ দেখেই পুলিশকে ফোন করে। পুলিশও বিরাট এক বাহিনী নিয়ে কেরালা ভবন ঘিরে ফেলে। ভবনের কর্তারা পুলিশকে বলেন, মেনুতে বিফ ফ্রাই লেখা থাকলেও পরিবেশন করা হচ্ছে মহিষের মাংস। আর সরকার অনুমোদিত কসাইখানা থেকেই মাংস সরবরাহ হয় তাঁদের। বেআইনি কিছু করা হচ্ছে না।
এই অভিযানের তীব্র নিন্দা করে কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী গতকাল অভিযোগ করেন, দিল্লি পুলিশ তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। তারা রাজ্য সরকারের কর্তাদের জানিয়ে কেরালা ভবনে যেতে পারত।
ওমেন চণ্ডী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন। দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, দিল্লি পুলিশ বিজেপি-সেনার মতো আচরণ করেছে। মমতা নিন্দা করে টুইটে বলেছেন, ‘মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার এ এক অবিবেচক ছক।’
গরু-বিতর্ক রাজনৈতিক মোড় নিচ্ছে দেখে দিল্লির পুলিশ কমিশনার তাঁর আচরণের ব্যাখ্যা দিয়েছেন। এতে তিনি বলেন, আইনশৃঙ্খলার স্বার্থেই তাঁরা গিয়েছিলেন। দিল্লি এগ্রিকালচারাল ক্যাটল প্রেজারভেশন অ্যাক্ট (১৯৯৪) অনুযায়ী চাষের কাজে ব্যবহৃত গরু, বাছুর বা বলদের মাংস বিক্রি করা নিষিদ্ধ। অভিযোগ পেয়ে তাই তাঁরা তদন্তে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল যাতে এ নিয়ে অশান্তি না ছড়ায়। কেরালা ভবনে যাওয়ার আগে পুলিশ কেন রাজ্য সরকারের কর্তাদের সঙ্গে কথা বলেনি, তার ব্যাখ্যা পুলিশ কমিশনার দিতে পারেননি।
দিল্লির পুলিশ রাজ্য সরকারের অধীনে নয়। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আজ্ঞাবহ। এ নিয়ে কেজরিওয়ালের সঙ্গে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের লড়াই লেগেই রয়েছে। গরু ও গো-মাংস নিয়ে বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদীরা সারা দেশে অহেতুক উত্তেজনা ছড়াচ্ছে বলে কংগ্রেস, বাম ও অবিজেপি দলগুলোর অভিযোগ। দিল্লি পুলিশের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাংবাদিকেরাও গতকাল কেরালা ভবনে বিক্ষোভ প্রদর্শন করেন।