ভারতে গোরক্ষার নামে অপরাধ অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়টার্স ফাইল ছবি
রয়টার্স ফাইল ছবি
• পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটসের প্রতিবেদন।
• রাষ্ট্র গরু রক্ষা বাহিনীকে পরিচয়পত্র দিয়েছে।
• গোরক্ষকদের বাড়াবাড়ি বন্ধে সুপ্রিম কোর্ট সক্রিয় ভূমিকা নিয়েছেন।


গরু রক্ষার নামে ভারতে শুধু মাত্রাতিরিক্ত বাড়াবাড়িই হচ্ছে না, এই প্রবণতা জন্ম দিয়েছে এক অপরাধ অর্থনীতিরও। সেই অর্থনীতির আধার অপরাধমূলক কর্মকাণ্ড হলেও বিভিন্ন রাজ্যের আইন একে বৈধতার তকমা দিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে গরু রক্ষার নামে যা চলছে তার ওপর তৈরি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছে পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস (পিইউডিআর)।

সমান্তরাল এই অর্থনীতির বৃদ্ধিতে সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন রাজ্য সরকার ও তার প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র গরু রক্ষা বাহিনীকে পরিচয়পত্র দিয়েছে। পুলিশ ও প্রশাসন তাদের সাহায্য করছে। ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, বৈধ ব্যবসায়ীদের পশু ও গাড়ি এই বাহিনী আটক করছে। তারপর টাকা দাবি করছে। অনেক ক্ষেত্রে টাকা দিয়ে ব্যবসায়ীরা ছাড়া পাচ্ছেন। টাকা না পেলে পশুগুলো নিয়ে যাওয়া হচ্ছে গোশালায়। সম্প্রতি এটাই হয়ে দাঁড়িয়েছে অপরাধভিত্তিক অর্থনীতির নতুন নমুনা।

রাষ্ট্র ও আইন যে একতরফাভাবে স্বঘোষিত গোরক্ষকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, প্রতিবেদনের বিভিন্ন ঘটনা পর্যালোচনায় তা স্পষ্ট। আলওয়ারের পেহলু খান হত্যা মামলার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধীরা খালাস হয়ে যাচ্ছেন। অথচ নিহত ব্যক্তির পরিবারের বিরুদ্ধে আনা হচ্ছে হরেক রকম অভিযোগ। পেহলু খানের হত্যাকারীরা সবাই মুক্ত। অথচ নিহতের বাবা, গাড়ির চালক ও পরিবারের আরও দুজনের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। ২০১৬ সালে ইব্রাহিম ও রাশিদা হত্যা মামলা এবং তাঁদের পরিবারের দুই কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, সিবিআই ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ওই কাজ গোরক্ষা বাহিনী করেনি। স্থানীয় দুর্বৃত্তরা ওই অপরাধের জন্য দায়ী।

প্রতিবেদন অনুযায়ী, অনেক ক্ষেত্রে কেবল মুখের কথাতেই পুলিশ ও প্রশাসন খুব সক্রিয় হয়ে উঠেছে। দেখা গেছে, সন্দেহের বশে মুসলমানদের মারধর করা হয়েছে। অথচ পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ‘ভুল-বোঝাবুঝি’ বলে মিটিয়ে দিতে চেয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট এই গোরক্ষকদের বাড়াবাড়ি বন্ধে সক্রিয় ভূমিকা নিয়েছেন। সর্বোচ্চ আদালত এ বিষয়ে বিশেষ বাহিনী তৈরির কথা বলেছেন। রাজ্যগুলোকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। তবে তাতে কোনো কাজ হয়নি বলে প্রতিবেদনের অভিমত। বরং বিভিন্ন রাজ্য সরকার আইনি রক্ষাকবচ দিয়ে গোরক্ষা বাহিনীকে সাহায্য করছে। যেমন, রাজস্থান সরকার। তারা গোরক্ষা আইন সংশোধন করে বাহন বাজেয়াপ্ত করার অধিকার দিয়েছে। রাজ্য পুলিশ বাহন বাজেয়াপ্ত আগেও করেছিল। কিন্তু এই আইন তাদের বাড়তি ক্ষমতা দিয়েছে।

এই প্রতিবেদন ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ঘটনাবলির ওপর তৈরি। এ সময়ে ভারতে গোরক্ষার নামে বাড়াবাড়ির মোট ১৩৭টি ঘটনা ঘটে, যাতে মৃত্যু হয় ২৯ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুসলমান (৭৫ শতাংশ) ও দলিতরা (১২ শতাংশ)। শুধু গবাদিপশু পাচার রোধই গোরক্ষা বাহিনীর লোকজনকে হিংস্র ও মারমুখী করছে না, কোনো কোনো ক্ষেত্রে দলিতরা আক্রান্ত হয়েছে মরা গরুর চামড়া ছাড়ানোর কাজ করতে অস্বীকার করায়।

গোরক্ষার আন্দোলন ভারতের গ্রামীণ অর্থনীতির ওপর এক বিরাট ধাক্কা। গবাদিপশুর ওপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, বিশেষ করে চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ ও মাংস রপ্তানি শিল্প এই আন্দোলনে মার খেয়েছে। পাশাপাশি নাগরিকদের বেঁচে থাকার অধিকার, খাদ্য, পেশার স্বাধীনতার ওপর এই বাহিনী হানছে চরম আঘাত। প্রতিবেদনের অভিমত, গণতান্ত্রিক পরিমণ্ডলের চূড়ান্ত ক্ষতি হওয়ার আগেই এই অবস্থার মোকাবিলা করা দরকার।