ভারতে গ্রিনপিসের তহবিল খুলে দিতে আদালতের নির্দেশ
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের তহবিল খুলে দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত। পরিবেশবাদী আন্দোলনের মাধ্যমে দেশটির অর্থনীতির গতি বাধাগ্রস্ত করার অভিযোগে গত জুনে ভারত সরকার গ্রিনপিসের তহবিল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। খবর এএফপির।
গ্রিনপিসের ভারত শাখার নির্বাহী পরিচালক সমিত আইচ এক বিবৃতিতে জানান, গত বুধবার স্থানীয় একটি হাইকোর্ট গ্রিনপিসের তহবিল খুলে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন, গণতান্ত্রিক ভারতে আর্থিক বিষয় খতিয়ে দেখার নাম করে সরকার এভাবে ভিন্নমতকে নিয়ন্ত্রণ করতে পারে না।
একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারত সরকার সে দেশে গ্রিনপিসের তহবিল বন্ধ করে দেয়। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, গ্রিনপিসের কর্মীরা পরিবেশের ক্ষতি হবে এ আশঙ্কার যুক্তিতে ভারতের কিছু বিদ্যুৎ ও কয়লা প্রকল্পের বিরোধিতা করছে।