ভারতে গ্রেপ্তার সাংবাদিকের হেফাজত বাড়ানোর আরজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক মোহাম্মদ জুবাইর নিয়মিত ভুয়া খবর ফাঁস করে দিতেন
ছবি: টুইটার

অলট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবেরের হেফাজত আরও পাঁচ দিন বাড়ানোর আরজি জানাল দিল্লি পুলিশ। গতকাল মঙ্গলবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সারভারিয়ার আদালতে তাঁকে হাজির করা হয়। এক দিনের মেয়াদ শেষে তাঁকে আরও পাঁচ দিন রিমান্ডে রাখার আবেদন জানায় দিল্লি পুলিশ।

আবেদনের বিরোধিতা করে জুবেরের আইনজীবী বৃন্দা গ্রোভার এজলাসে বলেন, ২০১৮ সালে করা টুইটের সঙ্গে যে ক্লিপ জোড়ার ‘অপরাধে’ তাঁকে ধরা হয়েছে, তা একটি সিনেমার স্ক্রিনশট। সেই সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে প্রদর্শিত হয়েছিল। বহু মানুষ তা টুইটও করেছিলেন। অথচ জুবেরকে ধরা হয়েছে তাঁর নাম, ধর্মবিশ্বাস ও পেশার কারণে। আইনজীবী এটাই বোঝাতে চেয়েছেন যে জুবের মুসলমান এবং সাংবাদিক বলে এ হেনস্তা।

জুবেরকে গত সোমবার সন্ধ্যায় দিল্লি পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের অভিযোগ, ওই টুইটের মাধ্যমে তিনি এক বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন। তাঁকে এক দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী (সা.)–এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন এক টিভি শোতে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে দিয়েছিলেন জুবের। ওই ঘটনার পর দেশ–বিদেশের প্রবল প্রতিবাদের মুখে বিজেপি নূপুরকে দল থেকে সাময়িক বরখাস্ত করে। পরে তাঁর সুরক্ষায় সরকার নিরাপত্তার বন্দোবস্ত করে। নূপুরকে আজও পুলিশ খুঁজে পায়নি। ফলে তাঁকে গ্রেপ্তারও করা হয়নি। জুবেরের বিরুদ্ধে হিংসা ছড়ানোয় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জুবের ২০১৮ সালের যে ক্লিপ টুইটে জুড়ে দিয়েছিলেন, তা হৃষিকেশ মুখোপাধ্যায়ের সিনেমা কিসিসে না ক্যাহনা সিনেমার একটি দৃশ্য। ১৯৮৩ সালে প্রদর্শিত সিনেমার ওই দৃশ্য ছিল একটি হোটেলের সাইনবোর্ড। আগে নাম ছিল ‘হনিমুন হোটেল’, রং করার পর দেখা যাচ্ছে নাম হয়েছে ‘হনুমান হোটেল’। জুবের ওই ছবি জুড়ে টুইটে লিখেছিলেন, ‘২০১৪ সালের আগে হনিমুন হোটেল, ২০১৪ সালের পরে হনুমান হোটেল।’ ২০১৪ সালে ভারতের ক্ষমতা দখল করেছিল বিজেপি। জুবেরের আইনজীবী পুলিশের দাবি নস্যাৎ করে জানান, তাঁর মক্কেল ওই ইমেজে কোনো পরিবর্তন ঘটাননি। তাঁর যুক্তি, ওটা ছিল এক নির্ভেজাল রসিকতা। তিনি বলেন, ‘ওই টুইটের কারণে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চার বছরে কোথাও কোনো দাঙ্গা বাধেনি। অশান্তিও দেখা দেয়নি। তাঁকে অযথা হেনস্তা করা হচ্ছে। কারণ, তিনি তেমন এক সাংবাদিক, যিনি শাসককে প্রশ্ন করার ক্ষমতা রাখেন।’