ভারতে ঘুষ নেওয়ার অভিযোগে ব্যাংকপ্রধান গ্রেপ্তার
ভারতে ঘুষ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন সিন্ডিকেট ব্যাংকের চেয়ারম্যান সুধীর কুমার জৈনসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) গণমাধ্যমে এ খবর জানিয়েছে।
ঘুষ নিয়ে বেআইনিভাবে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ বাড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা নেওয়ার পর তাঁর সকারের এটি সবচেয়ে বড় দুর্নীতিবিরোধী অভিযান।
সিবিআইয়ের পরিচালক রঞ্জিত সিনহা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘উচ্চপর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।’
তিনি জানান, সুধীরকে গ্রেপ্তার করতে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও ভূপালের অন্তত ২০টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ লাখ রুপি উদ্ধার করা হয়েছে, বাংলাদেশি মুদ্রা যা ৬৩ লাখ টাকার বেশি। বিভিন্ন নথিপত্র ও কম্পিউটারের তথ্য জব্দ করা হয়েছে।
এই দুর্নীতির সঙ্গে অন্যান্য ব্যাংকের যুক্ত থাকার বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।