ভারতে ঘৃণিত কেজরিওয়াল-রাহুল-আমির খান

ভারতের সবচেয়ে ঘৃণ্যতম রাজনৈতিক দল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। শুনতে কঠিন শোনালেও এক জরিপে আরও বলা হয়েছে, এ দলের প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশটির সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আর তাঁর পরেই ওই তালিকায় আছেন যথাক্রমে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ও বলিউড অভিনেতা আমির খান।
‘দ্য গুঞ্জ ইন্ডিয়া ইনডেক্স ২০১৫: সেভেন ডেডলি ইন্ডিয়ান সিনস’ শিরোনামে এক প্রতিবেদনের বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম দেশটির সবচেয়ে পছন্দের রাজনীতিবিদ। গেল বছরে ইউটিউবে দেখা, গুগলে খোঁজা, টুইটার ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত আলোচনা ও মন্তব্য জরিপ করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তালিকায় রাজনীতিবিদ, ক্রিকেটার, অভিনেতা-অভিনেত্রীসহ পর্ণ তারকাও আছেন।
নিউজ নেশন এবং জি নিউজের খবর বলা হয়েছে, দুর্নীতি নির্মূলের প্রত্যয়ে ‘ঝাঁটা’ প্রতীক নিয়ে এএপি নামে নতুন দল গঠন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৪ সালে কংগ্রেসের সমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী হন তিনি। কিন্তু লোকপাল বিল ইস্যুতে মাত্র ৪৯ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ টির মধ্যে ৬৭টি আসন পায় তাঁর দল এএপি। ফলে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন তিনি। কিন্তু এই জরিপে সেই এএপি পেল গত বছরের ঘৃণ্যতম রাজনৈতিক দলের তকমা। আর ওই দলের প্রধান কেজরিওয়াল হলেন দেশটির সবচেয়ে ঘৃণিত রাজনৈতিক ব্যক্তি।
জরিপে দেখা গেছে, ১ দশমিক ৪৫ জিপিএম সূচক পেয়ে তালিকার শীর্ষ ঘৃণ্যতম রাজনৈতিক দল নয়াদিল্লি প্রদেশের শাসকদল এএপি। ১ জিপিএম সমান ১ লাখ। এএপির ঠিক পরেই আছে ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস; তাদের সংগ্রহ ১ দশমিক ৩৫ জিপিএম। ১ দশমিক ৩৩ জিপিএম পেয়ে তৃতীয় স্থানে আছে উদ্ভব ঠাকরের দল শিবসেনা এবং শূন্য দশমিক ২৭ জিপিএম পেয়ে চতুর্থ স্থানে আছে ভারতের শাসক দল বিজেপি। শূন্য দশমিক ১৫ জিপিএম পেয়ে বিজেপির পরের স্থানে আছে বিহারের জোট সরকারের শরিক লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), ষষ্ঠ স্থানে রয়েছে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি; উত্তর প্রদেশের এই শাসক দলটি পেয়েছে শূন্য দশমিক ১৩ জিপিএম।
প্রতিবেদনে বলা হয়, ১ দশমিক ৯৯ জিএমপি পেয়ে ভারতের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয়ে তালিকায় সবার ওপরে আছেন কেজরিওয়াল। জরিপে বলা হয়েছে যে, আন্না হাজারের এক সময়ের সহচর এই রাজনীতিবিদকে ভারতের বেশির ভাগ মানুষই পছন্দ করেন না। কেজরিওয়ালের পরেই আছেন রাহুল গান্ধী (০.৭৩ জিপিএম) এবং তৃতীয় স্থানে আছেন বলিউড অভিনেতা আমির খান (০.৭২ জিপিএম)। এর পরপরই আছে টেলিভিশন সাংবাদিক অর্ণব গোস্বামী (০.৬০ জিপিএম), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (০.৪৩ জিপিএম), বিজেপি সভাপতি অমিত শাহ (০.৪০ জিপিএম), বলিউড অভিনেতা শাহরুখ খান (০.৪০), শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে (০.২৭), গুজরাটে প্যাটেল সংরক্ষণ আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল (০.২৩ জিপিএম) এবং সংগীতশিল্পী হানি সিং (০.১৫)।

এপিজে কালাম পছন্দের রাজনীতিবিদ
‘দ্য গুঞ্জ ইন্ডিয়া ইনডেক্স ২০১৫: সেভেন ডেডলি ইন্ডিয়ান সিনস’ এর প্রতিবেদন অনুযায়ী ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম দেশটির সবচেয়ে পছন্দের রাজনীতিবিদ। এপিজে কালামের পরেই পছন্দের রাজনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত বছরের জুলাইয়ে মারা যাওয়া এপিজে কালামকে ভারতের ‘পিপলস প্রেসিডেন্ট’ বলা হতো।
সবচেয়ে পছন্দের সালমান

‘বজরঙ্গি ভাইজান’ ও ‘দাবাং’ তারকা সালমান খান ভারতের সবচেয়ে পছন্দের মানুষ। ২৯৬ দশমিক ৪৪ জিএমপি পেয়ে গত বছরে সাল্লু সবার ওপরে। তার পরই আছেন ‘বাজিরাও মাস্তানি’ তারকা দীপিকা পাডুকোণ আছেন পছন্দের দ্বিতীয় তালিকায় (১৬২ দশমিক ৬৫ জিপিএম)। এরপরেই আছেন সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম (১২৪ দশমিক ৪৬ জিপিএম), টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (১০৮ দশমিক ৭০ জিপিএম), বলিউডের কিং খান শাহরুখ খান (১০৬ দশমিক ৯২ জিপিএম), অক্ষয় কুমার (৯২ দশমিক ৮৯ জিপিএম), প্রিয়াঙ্কা চোপড়া (৭৪ দশমিক ৭০ জিপিএম), দক্ষিণের তারকা বিজয় (৭৪ দশমিক ৭০ জিপিএম), শচীন টেন্ডুলকার (৭৪ দশমিক ৭০ জিপিএম), ‘বাহুবলী’ তারকা প্রভাস (৭২ দশমিক ৭৩ জিপিএম), আমির খান (৬৩ দশমিক ৪৪ জিপিএম)। এ তালিকায় এর পরে আছেন হৃতিক রোশন, মহেশ বাবু, অমিতাভ বচ্চন, টেলর সুইফট প্রমুখ।

ভারতে জনপ্রিয় পর্ণ তারকা খালিফা
ভারতে যেকোনো জরিপ হলে হয়তো অনেকেই ভাববেন পর্ণ তারকা থেকে অভিনেত্রী হওয়া সানি লিওন সেই তালিকার শীর্ষে থাকবেন। কিন্তু ‘দ্য গুঞ্জ ইন্ডিয়া ইনডেক্স ২০১৫: সেভেন ডেডলি ইন্ডিয়ান সিনস’ এর প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে ভারতের সেরা পর্ণ তারকা হয়েছেন মিয়া খালিফা। তাঁর পরেই আছেন প্রিয়া রাই, জুলিয়া অ্যান। এ ক্ষেত্রে খবরে বলা হয়েছে, ভারতীয়দের মধ্যে সবচেয়ে আগ্রহের বিষয় কি ছিল তা গত বছরের এই সূচক থেকেই বোঝা যায়।
গত বছর খবর বের হয় যে, ভারতের রিয়েলিটি শো ‘বিগ বসে’র সিজন নাইনে অংশ নিচ্ছেন মিয়া খালিফা। এরপরই তা নিয়ে বেশ হইচই শুরু হয়। এরপরই বলিউড তারকা মিয়া খালিফা টুইটারে জানান, তিনি কোনো ধরনের শো’য়ে অংশ নিচ্ছেন না।
সেরা ক্রীড়াব্যক্তিত্ব কোহলি

‘দ্য গুঞ্জ ইন্ডিয়া ইনডেক্স ২০১৫: সেভেন ডেডলি ইন্ডিয়ান সিনস’ প্রতিবেদন মতে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি দেশটির সেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। এরপরেই আছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্রিকেট থেকে অবসর নিলেও শচীন পেছনে ফেলে টেনিস তারকা রজার ফেদেরার এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এই দুজনের পরে তালিকায় যারা আছেন তারা হলেন, ভারতের ওয়ানডে দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, যুবরাজ সিং এবং সুরেশ রায়না। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং বার্সেলোনা ও ব্রাজিলের তারকা নেইমারও আছেন ক্রীড়াব্যক্তিত্বের তালিকায়।