ভারতে চার উচ্চ আদালতের প্রধান বিচারপতি নারী
ভারতে প্রধান চারটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি এখন নারী। মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাইয়ের মতো সবচেয়ে পুরোনো ও প্রধান চারটি আদালতের প্রধান তাঁরা। গত ৩১ মার্চ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে ইন্দিরা ব্যানার্জিকে নিয়োগের মধ্য দিয়ে এ ইতিহাস সৃষ্টি হয়েছে।
ঔপনিবেশিক ভারতে প্রথম যে কয়টা উচ্চ আদালত গঠন করা হয়েছিল, এর মধ্যে এই চারটি ছিল। মাদ্রাজ হাইকোর্টে এখন প্রধান বিচারপতিসহ ছয়জন নারী বিচারক রয়েছেন। পুরুষ বিচারক রয়েছেন ৫৩ জন।
বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন মঞ্জুলা চেল্লুর। বোম্বে হাইকোর্টে ৬১ জন পুরুষ বিচারকের বিপরীতে সর্বোচ্চসংখ্যক ১১ জন নারী বিচারক রয়েছেন। বোম্বে হাইকোর্টে প্রধান বিচারপতির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও নারী। তিনি বিচারপতি ভি এম তাহিলরমণী।
২০১৪ সালের ১৩ এপ্রিল থেকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন জি রোহিনী। এই আদালতে নয়জন নারী বিচারক ও ৩৫ জন পুরুষ বিচারক রয়েছেন। এখানেও দ্বিতীয় ব্যক্তি একজন নারী। তিনি বিচারপতি গীতা মিত্তাল।
গত বছরের ১ ডিসেম্বর থেকে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন নিশিতা নির্মল মাহত্রি। তবে এই আদালতে পুরুষ বিচারকের তুলনায় নারী বিচারকের সংখ্যা কম। ৩৫ জনের বিপরীতে মাত্র চারজন।
ভারতে ২৪টি হাইকোর্টের ৬৩২ জন বিচারকের মধ্যে মাত্র ৬৮ জন নারী, শতাংশ হিসাবে যা ১০ দশমিক ৭ শতাংশ। সুপ্রিম কোর্টের ২৮ জন বিচারকের মধ্যে মাত্র একজন নারী। তিনি হচ্ছেন আর ভানুমতি।
ধারণা করা হয়, সাধারণত নারীরা দুর্নীতি কম করে থাকেন এবং পুরুষদের তুলনায় বেশি সহানুভূতিশীল।
টাইমস অব ইন্ডিয়া অনলাইন অবলম্বনে