ভারতে জঙ্গি অর্থায়নের খোঁজে ২২ জায়গায় তল্লাশি
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর এবং দিল্লি ও হরিয়ানার ২২টি জায়গায় ব্যাপক তল্লাশি শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। উদ্ধার হয়েছে সোয়া কোটি টাকারও বেশি। তল্লাশির উদ্দেশ্য একটাই, পাকিস্তানের জঙ্গি সংস্থাগুলো উপত্যকার বিচ্ছিন্নতাবাদীদের কীভাবে অর্থ দিয়ে সাহায্য করে, তা হাতেনাতে ধরা। এই অর্থ সাহায্যের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সৈয়দ আলি শাহ গিলানিসহ চার বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে এএনআই মামলা করেছে।
কাশ্মীর উপত্যকায় অশান্তি সৃষ্টি ও তা জিইয়ে রাখতে পাকিস্তানের বিরুদ্ধে দেদার টাকা ছড়ানোর অভিযোগ অনেক দিনের। উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতাদের কেউ কেউ এর সঙ্গে জড়িত বলেও সন্দেহ করা হয়। প্রাথমিক তদন্তে এই সন্দেহ দৃঢ় হওয়ার পর গত শুক্রবার রাতে কাশ্মীরের হুরিয়ত কনফারেন্স নেতা গিলানিসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। তারপরই শুরু হয় তল্লাশি। জম্মু-কাশ্মীরের ১৪টি স্থান ছাড়াও দিল্লির চাঁদনি চক, বাল্লি মারান, গ্রেটার কৈলাশ, পীতমপুরাসহ সাতটি ও হরিয়ানার এক জায়গায় শনিবার ভোর থেকেই শুরু হয় একযোগে তল্লাশি। গিলানি ছাড়া আর যে চারজনের বাড়িতে তল্লাশি চালানো হয়, তাঁরা হলেন তেহরিক-ই-হুরিয়ত নেতা ফারুক আহমেদ দার, নঈম খান ও জাভেদ আহমেদ বাবা। বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও এই তল্লাশি চলে। অভিযোগ, ওই ব্যবসায়ীরা বেআইনি হাওয়ালা কারবারের সঙ্গে যুক্ত।
পাকিস্তান থেকে টাকা পাওয়ার সন্দেহ বেশ কিছুদিন ধরেই গোয়েন্দারা করছিল। টেলিফোনে আড়ি পেতে বা সূত্র মারফত পাওয়া তথ্যে সেই সন্দেহ দৃঢ় হচ্ছিল। কিছুদিন আগে বিচ্ছিন্নতাবাদী নেতা নঈম খানের এক স্বীকারোক্তি সম্প্রচারিত হয়। গোপন ক্যামেরায় ধরা ওই কথপোকথনে নঈম খান স্বীকার করেছিলেন, পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনদের কাছ থেকে তাঁরা হাওয়ালা মারফত নিয়মিত টাকা পান। সেই টাকা তাঁরা উপত্যকায় বিলান, যাতে ছেলেমেয়েরা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের তাক করে ঢিল ছোড়ে, স্কুলে আগুন ধরিয়ে দেয়। গোয়েন্দাদের ধারণা, এই কাজে সবচেয়ে বেশি যোগসাজশ রয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার। তাদের নেতা হাফিজ সাঈদকেও এ জন্য কাঠগড়ার দাঁড় করানো হয়। এরপরেই গত মাসে তদন্তের ভার এনআইএর হাতে সরকার তুলে দেয়। এনআইএ সূত্রে খবর, ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন, রহমত ট্রাস্টের মতো কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে উপত্যকায় বেশ কিছুদিন ধরেই টাকা আসছে। সেই টাকা ব্যবহৃত হচ্ছে অশান্তি ছড়ানোর কাজে।
এনআইকে দিয়ে এই প্রথম এত বড় আকারে এতগুলো জায়গায় তল্লাশি চালানো হলো।