ভারতে জনসনের টিকার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাসের টিকা
ফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের তৈরি জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকাকে ভারতে জরুরিভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দেওয়া হলো। শনিবার দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইট করে এই সিদ্ধান্তের কথা জানান। মাত্র এক দিন আগেই জনসন অ্যান্ড জনসন এ টিকার অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল।

ভারতে বর্তমানে চারটি টিকা চালু রয়েছে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুতনিক-ভি ও যুক্তরাষ্ট্রের মডার্না। জনসন অ্যান্ড জনসনের এই টিকা হতে চলেছে পঞ্চম। তবে অন্যদের তুলনায় এই টিকা আলাদা। এর একটিমাত্র ডোজ কোভিডের বিরুদ্ধে কার্যকর হবে বলে সংস্থাটির দাবি। প্রতিমন্ত্রী মান্ডভিয়াও সেই কথা জানিয়ে টুইটে লেখেন, ভারতে ব্যবহারযোগ্য টিকার সংখ্যা বাড়ছে। কোভিডের বিরুদ্ধে লড়াই এর ফলে আরও জোরালো হবে।

জনসনের এই টিকার নাম ‘জ্যানসেন’। এটির দাম কত হবে, সে বিষয়ে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। ভারতের হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ই লিমিটেডে যুক্তরাষ্ট্রের এ টিকা উৎপাদন করা হবে। এটি ব্যবহার করা হবে ১৮ বছর বয়সীদের শরীরে।

পরীক্ষায় দেখা গেছে, মাঝারি থেকে গুরুতর সংক্রমণ রুখতে এই টিকা ৬৬ শতাংশ কার্যকর। আর শুধু গুরুতর সংক্রমণের ক্ষেত্রে এর কার্যকারিতা ৮৫ শতাংশ। সংস্থার দাবি, তাদের পরীক্ষায় দেখা গেছে, টিকা নেওয়ার চার সপ্তাহ পর কোভিড হলে রোগীকে হাসপাতালে যেতে হবে না। মৃত্যুঝুঁকিও থাকবে না।

জ্যানসেন টিকার বিশেষত্ব, এটি তিন মাস পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। অন্যান্য ভারতীয় টিকার সংরক্ষণে যেখানে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। স্বাভাবিক তাপমানে সংরক্ষণের সুবিধার জন্য জনসনের এ টিকা ‘কোল্ড চেইন’ না থাকা দূর-দূরান্তের গ্রামে পাঠানো সহজ হবে বলে সরকারি সূত্রের দাবি।

ভারত এ মুহূর্তে কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলায় ব্যস্ত। চলতি সপ্তাহে প্রতিদিন নিয়ম করে ৪০ হাজারের বেশি সংক্রমণের খবর আসছে। দক্ষিণের রাজ্য কেরালাতেই প্রতিদিন সংক্রমিত হচ্ছেন ২০ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে যত বেশি সম্ভব টিকাকরণের দিকে নজর দেওয়া হচ্ছে। সরকারি দাবি, ভারতে শুক্রবার টিকা দেওয়া হয়েছে প্রায় ৫০ লাখ নাগরিককে। মোট ৫০ কোটি ভারতীয় টিকা পেয়েছেন।