ভারতে জলাধারে সশস্ত্র পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খরাক্রান্ত মানুষ জলাধার থেকে নিয়মিত পানি চুরি করছে। এটি রোধ করতে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বারিঘাট জলাধারে সশস্ত্র পাহারা বসিয়েছে সরকার। সরকার বলেছে, দেশের ৩৩ কোটি মানুষ এবার খরায় আক্রান্ত। এর মধ্যে অন্যতম খরাক্রান্ত অঞ্চল এটি।
বারিঘাট জলাধার পড়েছে মধ্যপ্রদেশের টিকামগড় জেলার মধ্যে। রাজ্যের বড় চারটি জলাধারই ইতিমধ্যে শুকিয়ে গেছে। প্রতি চার দিন পর দুই ঘণ্টার জন্য এ জেলার মানুষকে পানি দেওয়া হয়। বারিঘাট জলাধারে নিরাপত্তার কাজে নিয়োজিত পুরুষত্তোম সিরহি বলেন, ‘এখানে সোনার চেয়েও দামি পানি। এখানে রাত-দিন আমরা এই জলাধার পাহারা দিচ্ছি।’
কিন্তু নিরাপত্তা বাহিনীর কড়া পাহারাও এখানকার মানুষের দুর্ভোগ কমাতে পারবে না। কেননা, স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তারা বলছেন, এই জলাধারে যে পরিমাণ পানি আছে, তা দিয়ে মাস খানেক চলা যেতে পারে।
টিকামগড় জেলা সদরের পৌর কর্তৃপক্ষ পানির সন্ধানে নতুন কোনো আধার খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু গত কয়েক বছরের কম বৃষ্টির ফলে পানির স্তর স্বাভাবিকের চেয়ে ১০০ ফুট নিচে নেমে গেছে।