ভারতে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা
ভারতে পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা হয়েছে। দেশটির আইন প্রয়োগকারী সংস্থা দ্য এনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি) জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) করা এফআইআরের ভিত্তিতে এই মামলা করেছে।
অর্থপাচার রোধ আইনে এই মামলা করা হয় বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়।
এনআইএ গত নভেম্বরে জাকির নায়েক ও তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন এফআইআর দায়ের করে। গত ১৫ নভেম্বর আইআরএফকে নিষিদ্ধ করে ভারত সরকার।
গত জুলাইয়ে ঢাকায় হলি আর্টিজানে জঙ্গি হামলায় যুক্ত একাধিক তরুণ জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হন বলে অভিযোগ রয়েছে। এর পর ভারত সরকার জাকির নায়েকের বক্তব্য ও তাঁর প্রতিষ্ঠান নিয়ে তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে আইআরএফের কার্যালয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি, কম্পিউটারের হার্ডডিস্ক ও সিডি জব্দ করা হয়। একপর্যায়ে তাঁর প্রতিষ্ঠিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।