ভারতে জিএসটি নিয়ে শেষ মুহূর্তে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অভিন্ন কর ও পণ্য পরিষেবা আইনের (জিএসটি) জটিলতা কাটিয়ে সহমতের চেষ্টা হচ্ছে আবারও। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে গঠিত ‘এমপাওয়ার্ড কমিটির’ সঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই বৈঠকে শেষ পর্যন্ত ঐকমত্য হলে সংসদের বর্ষাকালীন অধিবেশনেই বিলটি পাস হতে পারে, যদিও তা নিয়ে অনেক সংশয় রয়েছে।
সংশয়ের একটা প্রধান কারণ কংগ্রেসের মনোভাব নতুন করে কঠোর হয়ে যাওয়া। অর্থনৈতিক অপরাধের তদন্তের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) হরিয়ানার সাবেক কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় নতুন করে তদন্ত শুরু করেছে। এতে ক্ষুব্ধ কংগ্রেসিদের একাংশের ধারণা, সরকারই চায় না এই বিল এখন পাস করাতে। সে জন্য কংগ্রেস নেতাদের নতুন করে বিপাকে ফেলছে যাতে সহযোগিতার পরিবেশটা নষ্ট হয়ে যায়। লোকসভায় গতকাল বিরোধী নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেছেন, ‘আমরা সংসদে সরকারের সঙ্গে সহযোগিতা করছি অথচ তারা রাজনৈতিকভাবে আমাদের বিপাকে ফেলার জন্য মিথ্যা মামলা সাজাচ্ছে।’
তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই জিএসটিকে সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু সরকার প্রস্তাবিত বিলে নতুন যে প্রস্তাব এনেছে, তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ। দিল্লি এসে সেই ক্ষোভের কথা গতকাল মমতা নিজেই জানিয়ে দিয়ে বলেন, রাজ্যের এখতিয়ার কমালে এই বিল সমর্থন করা সম্ভব হবে না।