নয়াদিল্লিতে ট্যাক্সিক্যাবে যাত্রী ধর্ষণ
ভারতের নয়াদিল্লিতে এক যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্যাক্সিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবকুমার যাদব নামের ওই চালক উবা নামের একটি বহুজাতিক ট্যাক্সি সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। মুঠোফোনের অ্যাপ ব্যবহার করে ওই ট্যাক্সির সঙ্গে যোগাযোগ করতে হয়। খবর এনডিটিভির।
ধর্ষণের শিকার ২৭ বছর বয়সী ওই নারী গত শুক্রবার রাতে গুরগাঁও থেকে বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সিতে ওঠার কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন। নিগৃহীত নারী বলেছেন, হঠাৎ ঘুম ভেঙে তিনি দেখেন একটি অজানা স্থানে গাড়িটি থামানো আছে। এ সময় চালক তাঁকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার নারী পুলিশকে বলেন, চালক পরে তাঁকে উত্তর দিল্লির বাসার কাছে নামিয়ে দেয় এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। ওই নারী মুঠোফোনে ট্যাক্সির নম্বরপ্লেটের ছবি তুলে রাখেন। ট্যাক্সিচালক শিবকুমার যাদবকে উত্তর প্রদেশের মথুরা থেকে গ্রেপ্তার করা হয়।