ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। গতকাল শুক্রবার সকালে রায় বেরিলি জেলায় দেরাদুন-বারানসি জনতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
জনতা এক্সপ্রেস রায় বেরিলি থেকে ৩০ কিলোমিটার দূরের বাচরাওয়ান রেলস্টেশনের দিকে যাচ্ছিল। সেখানে থামার আগে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ট্রেনটির গতিরোধকব্যবস্থা বিকল হয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে। এর ইঞ্জিন সংকেত সত্ত্বেও চলতে থাকে।
কর্মকর্তারা জানান, লাইনচ্যুত হওয়া দুটি বগির একটি ছিল সাধারণ কামরা। এটি দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়। অন্য বগিটি ছিল প্রহরীদের কামরা, যেটি খালিই ছিল। এটি খালি না থাকলে হতাহতের সংখ্যা আরও বেশি হতো বলে তাঁরা জানান।