ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩৬
ভারতের অন্ধ্র প্রদেশে গত শনিবার রাতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। হীরাখণ্ড এক্সপ্রেস নামের ট্রেনটি জগদলপুর থেকে যাত্রী নিয়ে ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে যাচ্ছিল।
রেল কর্তৃপক্ষ জানায়, কুনেরু রেলস্টেশনের কাছে ওই ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের অনেকে ভেতরে আটকা পড়ে। উদ্ধারকর্মীদের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য মেলেনি। দুর্ঘটনাস্থলে মাওবাদী বিদ্রোহীরা সক্রিয় বলে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি।
স্থানীয় পুলিশ সুপার এল কে ভি রাঙ্গা রাও বলেন, হতাহত ব্যক্তিদের মধ্যে স্লিপার-ক্লাসের তিনটি বগির আরোহীই বেশি ছিল।
ভারতীয় রেলের জাতীয় পর্যায়ের মুখপাত্র অনিল কুমার সাক্সেনা বলেন, জরুরি উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহত লোকজনকে জীবিত উদ্ধার করতে সারা রাত চেষ্টা করেন। দুর্ঘটনাটি নাশকতাও হয়ে থাকতে পারে। কারণ, আরও দুটি ট্রেন ওই দুর্ঘটনার আগে একই রেলপথ অতিক্রম করেছিল।
দুর্ঘটনা থেকে যাঁরা রক্ষা পেয়েছেন তাঁদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে কর্তৃপক্ষ ১০টি বাসের বন্দোবস্ত করে। অক্ষত যাত্রীরা এসব গাড়িতে চড়ে ভুবনেশ্বরে পৌঁছান।
ভারতের বিভিন্ন রাজ্যে এখনো ব্রিটিশ ঔপনিবেশিক আমলের রেলপথ বহাল রয়েছে। দেশটিতে ট্রেন দুর্ঘটনার প্রবণতা বেশি। ভাড়া কম রাখার বিষয়টিতে অগ্রাধিকার দিতে গিয়ে সরকার দশকের পর দশক ধরে রেল খাতে বিনিয়োগ সীমিত রেখেছে। উত্তর প্রদেশে গত বছর একটি ট্রেন দুর্ঘটনায় ১৫০ জন নিহত হয়। ভারতে ২০১৪ সালে ২৭ হাজার ৫৮১ জন ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায়। বেশির ভাগ মৃত্যু হয়েছে চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের নিচে কাটা পড়ে।