ভারতে তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ধারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী হিসেবে চিহ্নিত করে দেশটির তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ধারাকে বাতিল করেছেন। আদালতের অভিমত, এটি ‘অসাংবিধানিক’। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে নানা বিষয়ে মন্তব্য করায় ধারাটির আওতায় অনেককে পুলিশি হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ আছে। খবর টাইমস অব ইন্ডিয়া, বিবিসি ও এনডিটিভির।
গতকাল মঙ্গলবার দেওয়া ওই রায়ে বলা হয়েছে, ৬৬ এ ধারাটি গণতন্ত্রের দুই শক্তিশালী স্তম্ভ স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার বিরোধী। ধারাটি পরিষ্কার নয়। তাই পুলিশ এর অপব্যবহার করেছে। তবে সরকারের বলেছে, ওয়েবসাইটে আপত্তিকর বিষয় তোলা (আপলোড) বন্ধ করতেই ধারাটি প্রণয়ন করা হয়েছিল।
ভারতে সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটারে মন্তব্য করায় অনেককে গ্রেপ্তার করা হয়। ১৭ মার্চ উত্তর প্রদেশ রাজ্যে ফেসবুকে প্রতিমন্ত্রী আযম খানের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে এক কিশোরকে কারাগারে আটক করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পায় ছেলেটি। ২০১২ সালের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কার্টুন বন্ধুকে ই-মেইলে পাঠানোর অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়। ওই বছরের অক্টোবর মাসে টুইটারে ভারতের তখনকার অর্থমন্ত্রী পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের সমালোচনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
রায় দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নারিম্যান বলেন, ‘৬৬ এ ধারাটি অসাংবিধানিক এবং এটি বাতিল করতে আমাদের কোনো দ্বিধা নেই। জনগণের তথ্য জানার অধিকার এই ধারায় সরাসরি বাধাগ্রস্ত হয়।’ তবে আদালত তথ্যপ্রযুক্তি আইনটির ৬৯ বি ধারা এবং আইনটি বাস্তবায়নের জন্য ২০১১ সালের নির্দেশিকা বাতিল করেননি। এই ধারা এবং নির্দেশিকা সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করতে পারে বা ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে প্রভাব ফেলতে পারে এমন কোনো কিছু প্রকাশ করলে ওয়েবসাইট বন্ধ করার এখতিয়ার দিয়েছে সরকারকে। পুলিশি হয়রানি বন্ধে আদালত আইনটির ৭৯ ধারাকেও শিথিল করেছেন।
ভারতের বিভিন্ন বেসরকারি সংগঠন (এনজিও), নাগরিক অধিকার সংগঠন এবং আইন বিভাগের শিক্ষার্থীর করা একাধিক আবেদনের পর সুপ্রিম কোর্ট এই রায় দিলেন। বিতর্কিত ধারাটি বাতিলের দাবিটি প্রথম করেন আইনের শিক্ষার্থী শ্রেয়া সিংঘাল। রায়ের পর তিনি বলেন, ‘ইন্টারনেটে কোনো কিছু পোস্ট করার পর আর কারাগারে যাওয়ার ভয়ে থাকতে হবে না।’
আদালতে সরকারের পক্ষ থেকে বলা হয়, ইন্টারনেটের প্রভাব ব্যাপক। তাই টেলিভিশন এবং মুদ্রণ মাধ্যমের চেয়ে এর ব্যবহারে অনেক বেশি বিধিনিষেধ থাকা উচিত। এই দুই মাধ্যমের মতো ইন্টারনেট কোনো প্রাতিষ্ঠানিক ক্ষেত্র থেকে পরিচালিত হয় না। তাই এর পরিচালনায় নিয়ন্ত্রণ দরকার।
রায়ের পর সাংবাদিক স্বাতী ভাসিসতা বলেন, ‘ভিন্নমতের স্বাধীনতা নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার।’ জনপ্রিয় লেখক চেতন ভগত বলেন, ‘আমি খুবই খুশি।’