ভারতে তিন তালাক 'বেআইনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ আখ্যা দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়ে বলেছেন, এই প্রথা বিলোপ করতে ভারতের সংসদকে আগামী ছয় মাসের মধ্যে আইন পাস করাতে হবে। তত দিন পর্যন্ত তিন তালাক প্রথা প্রয়োগ করা যাবে না।

সুপ্রিম কোর্ট এ কথাও জানিয়েছেন, ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন না হলে তিন তালাকের ওপর ইনজাংশন বলবৎ থাকবে। সর্বোচ্চ আদালত অবশ্য এ কথাও জানিয়েছেন, কেন্দ্রীয় আইন প্রণয়নের আগে যেন মুসলিম সংস্থা ও শরিয়ত আইনের উদ্বেগের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

প্রধান বিচারপতি জে এস খেহরসহ সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি এই রায় দেন। বিচারপতিরা ছিলেন পাঁচ ভিন্ন ধর্মাবলম্বীর। প্রধান বিচারপতি শিখ ধর্মাবলম্বী, বিচারপতি কুরিয়ন জোসেফ খ্রিষ্টান, বিচারপতি আর এফ নরিম্যান পার্সি, বিচারপতি উদয় উমেশ ললিত হিন্দু ও বিচারপতি আবদুল নাজির মুসলমান। এই পাঁচজনের মধ্যে প্রধান বিচারপতি খেহর ও বিচারপতি নাজির তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ বলে মনে করেননি। তবে বাকি তিন বিচারপতি তা মনে করেছেন। ফলে সুপ্রিম কোর্টের এই রায় ৩-২ সংখ্যাগরিষ্ঠের বলে গণ্য হচ্ছে।

প্রধান বিচারপতি খেহর রায় পড়ার সময় বলেন, আইন প্রণয়নের সময় সব দল যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়।

মামলার শুনানির সময় কেন্দ্রীয় সরকারের পক্ষে বলা হয়েছিল, সর্বোচ্চ আদালত তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে আখ্যা দিলে কেন্দ্র মুসলমান সম্প্রদায়ের বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন আইন প্রণয়ন করবে।

তিন তালাকের বিরোধিতা করে একাধিক ভারতীয় মুসলিম নারী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সুপ্রিম কোর্টে তিন তালাক প্রথার সমর্থন করে। তবে তাদের সুপারিশ ছিল, যারা টেলিফোনে তিন তালাক উচ্চারণ করে বিচ্ছেদ ঘটাচ্ছে বা মুঠোফোনে তিনবার তালাক লিখে পাঠাচ্ছে অথবা চিঠি মারফত, তাদের বিরুদ্ধে প্রচার চালানো দরকার। তাদের সামাজিকভাবে বয়কটও করা যেতে পারে। কিন্তু তিন তালাক প্রথা তুলে দেওয়া ধর্মবিরোধী হবে।

এই মামলার অন্যতম আবেদনকারী ফারাহ ফৈজ রায় শুনে বলেছেন, এই প্রথা বন্ধ করতে এত দিনে একটা জরুরি পদক্ষেপ নেওয়া হলো। নারী অধিকার আন্দোলনের নেত্রী নাজমা পারভিন বলেন, এই রায় বৈপ্লবিক ও ঐতিহাসিক।