ভারতে তিন মেডিকেল ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তামিলনাড়ুতে গত শনিবার একটি বেসরকারি মেডিকেল কলেজের তিন নারী শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। পুলিশ একটি আত্মহত্যার চিরকুট পেয়েছে বলে জানিয়েছে। এতে তিন ছাত্রী ওই সিদ্ধান্তের জন্য কলেজ কর্তৃপক্ষ ও এর অত্যধিক ফি’কে দায়ী করেছেন। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টুডের।

গত শনিবার সন্ধ্যায় একটি কুয়ায় পাওয়া যায় তিন মেডিকেল ছাত্রীর লাশ। তাঁরা তামিলনাড়ুর ভিল্লুপুরাম জেলার এসভিএস নেচারোপ্যাথি অ্যান্ড ইয়োগা মেডিকেল কলেজে পড়তেন।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় একটি চিরকুট তাদের হাতে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে যে কলেজটিতে নিম্নমানের সুযোগ-সুবিধা ও অযত্ন-অবহেলা তাঁদের এই সিদ্ধান্তের কারণ। এ ছাড়া তাঁদের সঙ্গে কলেজ অধ্যক্ষের অসদাচরণ এবং দ্বিতীয় বর্ষ সম্পন্ন করার আগেই ছয় লাখ রুপি খরচের কথাও বলা হয়। চিরকুটে আরও বলা হয়, মৃত্যুর পর অনেক মিথ্যা অভিযোগ তাঁদের বিরুদ্ধে আনা হবে। কিন্তু ক্যাম্পাসের বিষয়টি পুরো ভারতের নজরে আনতেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।