ভারতে দলিত পরিবারে নৈশভোজে যোগী আদিত্যনাথ

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পথ অনুসরণ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও নৈশভোজে হাজির হয়েছিলেন এক দলিত সম্প্রদায়ের বাড়িতে। খাবারের তালিকায় ছিল ভাত, ডাল, সবজি, পাঁপর, চাটনিসহ নানা পদ।
আমরোহা জেলার মেহেন্দি গ্রামের দলিত গজেন্দ্র সিংয়ের বাড়িতে যেন বসেছিল চাঁদের হাট। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে গজেন্দ্রের স্ত্রী প্রিয়াংকা সিং কেনেন নতুন থালাবাসন। আর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিক বিবেচনা করে আনা হয়েছিল লিটার লিটার পানীয়।
খাবার পরিবেশন করেন আরেক দলিত নারী গীতা মাহালি।
যোগী আদিত্যনাথের সঙ্গে ছিলেন আরও ১৫ জন। তাঁদের মধ্যে ছিলেন স্থানীয় সাংসদ কানওয়ার সিং, রাজ্যের মন্ত্রী চেতন চৌহানসহ বিজেপির নেতারা। তারপর যোগী আদিত্যনাথ রাত কাটান স্থানীয় আরএসএস পরিচালিত শিশু মন্দির বিদ্যালয়ে। এখানেও আদিত্যনাথের লক্ষ্য ছিল দলিত ভোটের রাজনীতি। তাঁদের কাছে পাওয়ার রাজনীতি।
তবে আদিত্যনাথের এই ঘটনাকে বিরোধীরা সুনজরে নিতে পারেনি। বলেছে, এটা বিজেপির দলিতদের ভোট আদায়ের নতুন কৌশল।
কংগ্রেসের রাজ্য সভাপতি রাজ বাব্বর বলেছেন, ‘আমাদের এখন খতিয়ে দেখতে হবে কোন উদ্দেশ্যে যোগী আদিত্যনাথের এই দলিতের বাড়িতে অন্ন গ্রহণ।’
বিরোধী বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী বলেছেন, নিজের খাবার এবং খাবারের বাসনকোসন এনে তাতে খেয়ে রাজনীতিতে চমক দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মানুষ ধরে ফেলেছে বিজেপির এই উদ্দেশ্যকে।