ভারতে দাবদাহে মৃতের সংখ্যা ১ হাজার ৮০০ ছাড়ানোর পর পরিস্থিতির উন্নতির আভাস পাওয়া গেল। গতকাল শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে আশার বাণী শুনিয়ে বলা হয়েছে, সবচেয়ে বেশি উত্তপ্ত দুটি রাজ্যের আকাশে মেঘ জমছে। শিগগিরই বৃষ্টি হতে পারে। খবর এএফপি ও বিবিসির।
ভারতে দুই দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ভয়াবহ তাপদাহ চলছে। দেশটিতে প্রতিবছর তাপদাহে ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়ে বিশেষ করে শত শত কর্মজীবী ও গৃহহীন গরিব মানুষের মৃত্যু হয়। তবে চলতি গ্রীষ্মে বার্ষিক গড় মৃতের সংখ্যা এরই মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
অব্যাহত তাপদাহে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে। অন্ধ্র প্রদেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যটিতে ১৮ মে থেকে গতকাল পর্যন্ত তাপের কারণে এক হাজার তিন শর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর প্রতিবেশী তেলেঙ্গানা রাজ্যে প্রাণ হারিয়েছে অন্তত ৩৪০ জন। তবে রাজ্যটিতে গতকাল তাপমাত্রা সামান্য হ্রাস পায়। দুটি রাজ্যেই অসুস্থ মানুষে হাসপাতালগুলো উপচে পড়ছে।
কীভাবে তাপদাহ মোকাবিলা করা যায় এবং হিটস্ট্রোকের লক্ষণ চেনা যায়, জনগণকে এ বিষয়ে সচেতন করতে তেলেঙ্গানার টেলিভিশনে নানা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। এ রাজ্যের রাজধানী হায়দরাবাদে গরমের কারণে অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘটনাও ঘটে।
গতকাল নয়াদিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি। সেখানে হিটস্ট্রোকে আক্রান্ত মানুষদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।