ভারতে দুই দশকে মাওবাদীদের হাতে খুন ১২ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে গত দুই দশকে মাওবাদীদের হামলায় ১২ হাজার মানুষের প্রাণ গেছে। আর এই সময়ে তাদের হাতে শহীদ হয়েছেন ২ হাজার ৭০০ নিরাপত্তাকর্মী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আজ এই খবর প্রকাশিত হয়েছে কলকাতার গণমাধ্যমে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২ হাজার নিহত ব্যক্তির মধ্যে ৯ হাজার ৩০০ জনকে হত্যা করা হয়েছে পুলিশের গুপ্তচর সন্দেহে এবং যৌথবাহিনী-মাওবাদী সংঘর্ষে। তবে প্রতিবেদনে এ কথাও বলা হয়েছে, গত তিন বছরে মাওবাদী হামলা অনেকটাই কমে গেছে। মাওবাদীদের হাতে নিরাপত্তাকর্মীদের মৃত্যুর হার ৪২ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ হয়েছে। গত তিন বছরে মাওবাদী হামলাও কমেছে ৪২ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাওবাদীদের আত্মসমর্পণের হারও বেড়েছে এই সময়ে। প্রায় ১৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই আত্মসমর্পণের হার। তবে মাওবাদীদের ৬৫ শতাংশ নেতাকেই খতম করতে পেরেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গোটা দেশের ১০টি রাজ্যের ৩৫টি জেলা মাওবাদী-অধ্যুষিত। এ ছাড়া এর বাইরের ৬৮টি জেলায় বিক্ষিপ্তভাবে মাওবাদীদের তৎপরতা রয়েছে। শুধু তা-ই নয়, মাওবাদী এলাকায় ৩০৭টি নতুন থানা তৈরি হয়েছে গত তিন বছরে। তৈরি হয়েছে ১ হাজার ৩৯১ কিলোমিটার সড়ক। আরও ৫ হাজার ৪১২ কিলোমিটার নতুন রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মাওবাদী এলাকায় ২ হাজার ১৮৭টি মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে মোবাইল পরিষেবা উন্নত করার লক্ষ্যে।