ভারতে দুটি চ্যানেলে নিষেধাজ্ঞা, প্রতিবাদে মুক্তি
অত্যুৎসাহিতা নাকি বোধোদয় কোন কারণে সিদ্ধান্ত প্রত্যাহার বোঝা গেল না। ঘটনা হলো, ‘একপেশে ও পক্ষপাতমূলক খবর’ দেখানোর অপরাধে দু দিনের জন্য কেরালার দুটি নিউজ চ্যানেলের সম্প্রসারণ বন্ধ করে দেওয়া হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়েছে। তবে বিতর্ক থেমে নেই।
কেরালার ওই দুই মালায়ালাম নিউজ চ্যানেল হলো এশিয়ানেট নিউজ ও মিডিয়া ওয়ান টিভি। অভিযোগ, তারা দিল্লি সহিংসতা একপেশে রিপোর্ট করেছিল। কীরকম একপেশে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার চিঠিতে তার উল্লেখও করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই দুই নিউজ চ্যানেলের সম্প্রচার ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। মন্ত্রণালয়ের অভিযোগ, এশিয়ানেট দিল্লি সহিংসতাকে ‘সাম্প্রদায়িক’ বলে অভিহিত করেছে এবং বলেছে, ওই হামলায় কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মদদ ছিল।
মিডিয়া ওয়ান টিভির বিরুদ্ধে অভিযোগ, তাদের দিল্লি সংবাদদাতা বলেছেন, ‘‘দিল্লি পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। তারা দোকান ভাঙে, ফলের গাড়ি উল্টে দেয়,এমনকি আগুনও লাগিয়ে দেয়।” মন্ত্রণালয়ের অভিমত, ওই চ্যানেলটি দিল্লি পুলিশকে দোষারোপ করেছে।
সম্প্রচার বন্ধের নির্দেশ পাওয়া মাত্র দুটি চ্যানেলই তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেয়। ওই নিষেধাজ্ঞাকে তারা ‘সৎ ও নিরপেক্ষ প্রতিবেদনের ওপর আক্রমণ’ বলে বর্ণনা করে। সমালোচনা ও প্রতিবাদ ওঠে কেরালার সর্বস্তরেও। রাজ্যের অর্থমন্ত্রী টমাস আইজাক কেন্দ্রীয় সিদ্ধান্তের নিন্দা ও চ্যানেল দুটির প্রশংসা করে টুইট করেন। প্রতিবাদে যোগ দেন লোকসভার কংগ্রেস সদস্য শশী থারুর, সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম, রমেশ চেন্নিথালা প্রমুখ।
এই সমালোচনার মুখে শুক্র-শনিবার দিবাগত রাত দেড়টায় এশিয়ানেট ও শনিবার সকালে মিডিয়া ওয়ান টিভির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর শনিবার বলেন, “গণতন্ত্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা একান্তই প্রয়োজনীয়। আমাদের সরকারও এর প্রতি দায়বদ্ধ।”
দিল্লি সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে প্রতিবেদনের জন্য কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্ব বিবিসির ওপরেও ক্ষুব্ধ। বিবিসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। যদিও সমালোচনার জবাবে বিবিসি জানিয়েছে, নিজেদের প্রতিবেদন থেকে তারা সরে আসছে না।