প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব-সৃষ্ট মৃত্যু ১৫ গুণ বেশি
ভারতে প্রাকৃতিক দুর্যোগে যত মানুষ মারা যায়, এর ১৫ গুণের বেশি মারা যায় মানব-সৃষ্ট দুর্ঘটনায়। তাদের মধ্যে বেশির ভাগ মারা যায় সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে। তথ্য তালিকাভুক্ত রাখা একটি জাতীয় সংস্থা সূত্রে এ খবর জানা যায়।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) বলছে, ২০১৪ সালে ভারতে প্রাকৃতিক দুর্যোগে ২০ হাজার লোক মারা গেছে। মানুষের ভুল বা ত্রুটির কারণে ঘটা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন লাখ ১৬ হাজার ৮২৮ জন। এর মধ্যে এক লাখ ৭০ হাজার মারা গেছেনসড়ক দুর্ঘটনায়, ৩০ হাজার মানুষ মারা গেছেন পানিতে ডুবে। অগ্নিকাণ্ডে মারা গেছে ২০ হাজার মানুষ।
এনসিআরবি অস্বাভাবিক মৃত্যুকে দুই ভাগে ভাগ করেছে। এর মধ্যে একটি হলো মানুষের সৃষ্ট। হৃদরোগ, গর্ভধারণ সংক্রান্ত জটিলতা, পশুর হামলায় এ ধরনের মৃত্যু হয়।
গত ১০ বছরে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ২২ শতাংশ হারে বেড়েছে। মানুষের সৃষ্ট দুর্ঘটনায় ২০০৪ সাল পর্যন্ত মৃত্যুর হার বেড়েছে ৬৬ শতাংশ। প্রতি বছর মানব-সৃষ্ট দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।
এনসিআরবির তথ্য অনুসারে, দুর্ঘটনায় প্রতি বছর মৃত্যুর হার বাড়ছে। ২০০৪ সালে প্রতি এক লাখে দুর্ঘটনায় মারা যেত ২৫ জন। ২০১৪ সালে তা বেড়ে ৩৬ জনে পৌঁছেছে। এই তথ্য ভারতের সরকারের জন্য উদ্বেগজনক।