ভারতে ধর্ম টেনে খাবারের অর্ডার বাতিল, সেই ক্রেতাকে পুলিশের নোটিশ

মুসলিম ছেলেকে দিয়ে কেন খাবার পাঠানো হলো, এমন প্রশ্ন তুলে অনলাইনে খাবারের অর্ডার বাতিল করা সেই ব্যক্তিকে সতর্ক করেছে ভারতের পুলিশ। পণ্ডিত অমিত শুক্লা নামের ওই ব্যক্তিকে বলা হয়েছে, পরবর্তী ছয় মাসে যদি কোনো বিষয়ে তিনি বিদ্বেষমূলক টুইট করেন তবে তাঁকে কারাগারে যেতে হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের রাজ্য পুলিশ বৃহস্পতিবার অমিত শুক্লাকে এই সতর্কবার্তা পাঠায়। অমিত শুক্লা মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা। জবলপুর জেলার পুলিশ সুপার অমিত সিং বলেন, অমিত শুক্লা যদি পরবর্তী ছয় মাসে এমন কোনো টুইট করেন যা ভারতীয় সংবিধানের মূলনীতির বিরুদ্ধে যায়, জনমনে অশান্তি সৃষ্টি করে বা সাম্প্রদায়িক উসকানিমূলক হয়, তবে তাঁকে সোজা কারাগারে পাঠানো হবে। তাঁকে এরই মধ্যে পুলিশি নজরদারির আওতায় নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘জোম্যাটো’–তে খাবারের অর্ডার দেন অমিত। পরে যখন তিনি জানতে পারেন যে, তাঁর অর্ডার করা খাবার একজন মুসলিম ডেলিভারি বয়কে দিয়ে পাঠানো হয়েছে তখন তিনি ওই অর্ডার বাতিল করেন।
অমিত অর্ডার বাতিলের আগে জোম্যাটোর কাস্টমার কেয়ারে বলেন, ‘আমাদের শ্রাবণ মাস চলছে। একজন মুসলিম ব্যক্তির ডেলিভারি করা খাবারের প্রয়োজন নেই। অন্য কাউকে দিয়ে খাবার পাঠানো হোক। শ্রাবণ মাসে আমরা শুদ্ধ নিরামিষ খাবার খাই।’ এ সময় তিনি জোম্যাটোর অ্যাপ আনইনস্টল করারও হুমকি দেন।
জবাবে জোম্যাটো জানায়, তারা রাইডারদের মধ্যে ধর্মীয় বিভাজন করে না। এ নিয়ে অমিত ও জোম্যাটো পাল্টাপাল্টি টুইট করে। জোম্যাটো তাদের এক টুইট বার্তায় বলে, ‘খাবারের কোনো ধর্ম হয় না’। অমিতের এই ধর্মীয় বিদ্বেষ নিয়ে এরই মধ্যে ভারতজুড়ে তীব্র সমালোচনা চলছে।