ভারতে ধাক্কা খাবে বাম আন্দোলন: ত্রিপুরার সিপিএম

ত্রিপুরায় সিপিএমের (ভারতের কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী) ভরাডুবিতে ভারতের বাম আন্দোলন ধাক্কা খাবে। এমনটাই মনে করছেন বামপন্থী দলটির রাজ্য নেতৃত্ব। দুদিনের রাজ্য কমিটির বৈঠকের পর গতকাল বুধবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে এমনই মূল্যায়ন করা হয়।
গত সোম ও মঙ্গলবার আগরতলায় সিপিএমের রাজ্য দপ্তরে বসেছিল সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। দলের পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাটের উপস্থিতিতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে টানা ২৫ বছরের বাম-শাসিত ত্রিপুরায় ডানপন্থী বিজেপির কাছে হারের কারণ নিয়ে বিশ্লেষণ করেন সিপিএমের নেতারা। সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন দলের রাজ্য সম্পাদক বিজন ধর।
বিজন ধর সাংবাদিকদের সামনে স্বীকার করেন, সারা ভারতে ত্রিপুরার এই হার বাম আন্দোলনে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘সাময়িক হলেও গোটা দেশের বাম আন্দোলনে ত্রিপুরার পরাজয় বিপর্যয় ডেকে আনবে।’
সিপিএমের পরাজয়ের কারণ হিসেবে আরএসএসের উত্থানকেই মূলত দায়ী করা হচ্ছে। বিজন ধর বলেন, ‘এই প্রথম বামেদের সঙ্গে দক্ষিণপন্থীদের সরাসরি লড়াই হয়। সাধারণ মানুষের আরএসএস সম্পর্কে প্রত্যক্ষ ধারণা ছিল না। তাঁরা নির্বাচনী লড়াইকে ব্যক্তিপর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়।’
সিপিএমের রাজ্য সম্পাদক আরও বলেন, ‘নতুন ধরনের মধ্যবিত্ত, নতুন তরুণ প্রজন্মের মধ্যে আত্মকেন্দ্রিক মানসিকতা ও উচ্চাকাঙ্ক্ষাও বাম শক্তির পরাজয়ের অন্যতম কারণ।’ তবে আরএসএসের শক্তিবৃদ্ধিকেই দলের পরাজয়ের জন্য সবচেয়ে বড় কারণ বলে মনে করছেন সিপিএমের রাজ্য কমিটির নেতারা।
বিজন ধর বলেন, উন্নয়নের প্রশ্নে তাঁরা রাজ্য সরকারকে সমর্থন করবেন। এমনকি, অবকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন তাঁরা। পাশাপাশি রাজ্যে সন্ত্রাসরোধের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সিপিএম নেতারা সাক্ষাৎ করতে চান বলে জানান বিজন ধর।
টানা ২৫ বছরের শাসনের পর এবার ত্রিপুরায় বিজেপির কাছে পরাজিত হয় বাম দল সিপিএম। রাজ্যের ৬০টি আসনের মধ্যে বিজেপি পায় ৩৬টি এবং তাদের শরিক আঞ্চলিক দল আইপিএফটি পায় ৮টি আসন। অন্যদিকে, সিপিএমের ঝুলিতে আসে মাত্র ১৬টি আসন।
টানা ২০ বছরের সিপিএমের মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজে অবশ্য জিতেছেন। তিনিই এখন ত্রিপুরার বিরোধী দলনেতা।