ভারতে নদীদূষণ রোধে বরাদ্দ পাঁচ হাজার কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীদূষণ রোধে ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির কয়েকটি রাজ্যকে পাঁচ হাজার ১৬০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে। গত সোমবার ভারতের রাজ্যসভায় এ কথা জানানো হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবনবিষয়ক মন্ত্রী উমা ভারতী রাজ্যসভায় জানান, কেন্দ্রীয় সরকার নদীদূষণ রোধে কার্যক্রম চালানোর জন্য বিভিন্ন রাজ্যকে এ যাবৎ পাঁচ হাজার ১৫৯ কোটি ৮১ লাখ রুপি বরাদ্দ দিয়েছে। এই টাকায় একটি পয়োবর্জ্য পরিশোধনাগার করা হয়েছে। এই পরিশোধনাগারে প্রতিদিন ৫০০৫ মিলিয়ন লিটার পয়োবর্জ্য পরিশোধন সম্ভব।
ভারতের জাতীয় নদী সংরক্ষণ পরিকল্পনা (এনআরসিপি) এবং জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষের (এনজিআরবিএ) কর্মসূচির অধীনে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ভারতের ২১টি রাজ্যে এই দুই প্রকল্পের অধীনে ৪২ নদীদূষণ রোধে ১১ হাজার ৩৬২.৮৫ কোটি রুপি বরাদ্দ আছে।
রাজ্যসভায় উমা ভারতী বলেন, ‘নদী সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া। গঙ্গাসহ বিভিন্ন নদীর দূষণ রোধে বেশ সময় লাগছে। এর কারণ যে পরিমাণ পয়োবর্জ্য প্রতিদিন নির্গত হয় সেগুলো পরিশোধনে পর্যাপ্ত পরিশোধনাগার নেই।’
উমা ভারতী বলেন, পয়োবর্জ্য যাতে নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকার এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর। এ জন্য তাদের পয়োবর্জ্য সংগ্রহ এবং এর পরিশোধনের ব্যবস্থা করতে হবে।