ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডায় গত সোমবার নাইজেরিয়ার চার শিক্ষার্থীর ওপর হামলার ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
নয়ডায় গত শুক্রবার দ্বাদশ শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়। পরে তার লাশ উদ্ধারের পর জানা যায় নেশাজাতীয় দ্রব্য অতিরিক্ত সেবনে তার মৃত্যু হয়েছে। যে এলাকায় এ ঘটনা ঘটে সেখানে নাইজেরিয়াসহ আফ্রিকার কয়েকটি দেশের শিক্ষার্থীরাও বসবাস করেন।
নাইজেরিয়ার শিক্ষার্থীরাই ওই ছেলের কাছে মাদক বিক্রি করেছেন এবং তা খেয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠলে পুলিশ পাঁচ নাইজেরীয় ছাত্রকে গ্রেপ্তার করে। কিন্তু অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর সোমবার সন্ধ্যায় তাঁদের মধ্যে চারজনের ওপর হামলা চালান কিছু ক্ষুব্ধ লোক। একটি বিপণিবিতানে তাঁদের বেধড়ক মারধরের ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এদিকে টুইটারে বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দৃষ্টিগোচর হলে গতকাল তিনি হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিয়ে উত্তর প্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের সঙ্গেও কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন, পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে।
নাইজেরীয় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এক নাইজেরীয় নারীকেও অপহরণ করার অভিযোগ উঠেছে; যদিও পুলিশ অভিযোগ নাকচ করে দিয়েছে।
হামলার ঘটনায় আফ্রিকার দেশগুলোর শিক্ষার্থীদের সাময়িকভাবে বাইরে বের না হওয়ার ও ক্লাসে না যাওয়ার অনুরোধ করেছে অ্যাসোসিয়েশন অব আফ্রিকান স্টুডেন্টস ইন ইন্ডিয়া নামের একটি সংগঠন।