ভারতে নাগরিক নিবন্ধনের প্রথম ধাপ, এনপিআরের অর্থ বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনসিআর) তৈরি নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্টার’ বা এনপিআর প্রকল্পে অর্থ বরাদ্দ করল।

দেশজোড়া বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনসিআর নিয়ে সরকারের পিছু হটার ইঙ্গিত দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এনপিআরের অর্থ বরাদ্দ হলো। বিরোধীরা এই সিদ্ধান্তকে এনআরসির প্রথম ধাপ বলে মনে করছে।

সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, এনআরসি নিয়ে সরকারি উদ্যোগের কথা অস্বীকার করলেও এনপিআর এর মধ্য দিয়ে সরকার সেই দিকেই এগোতে চাইছে। আধার যেখানে সফল, সেখানে এনপিআরের কোনো প্রয়োজনই নেই।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদনের সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, আসাম ছাড়া দেশের সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআরের তথ্য আপডেট করার কাজ চলবে। তিনি বলেন, এনপিআর আপডেট করার ক্ষেত্রে বায়োমেট্রিকের কোনো প্রয়োজন নেই। যে যা তথ্য দেবেন, সেটাই ঠিক বলে ধরে নেওয়া হবে।

ভারতের আদমশুমারির কাজ হয় প্রতি ১০ বছর অন্তর। ২০২১ সালে বাড়ি বাড়ি গিয়ে তা আবার হওয়ার কথা। সেই জনগণনার আগে এনপিআর আপডেট করার কাজ হাতে নেওয়া হচ্ছে। যে ব্যক্তি কোনো ঠিকানায় ছয় মাস বা তার বেশি বসবাস করছেন এবং পরবর্তী অন্তত ছয় মাস থাকবেন বলে মনে করছেন তাঁদের নামধাম নথিবদ্ধ করা হবে। জনগণনার জন্য বরাদ্দ হয় ৮ হাজার ৭৫৪ কোটি ২৩ লাখ রুপি এবং এনপিআরের জন্য ৩ হাজার ৯৪১ কোটি ৩৫ লাখ।

সিএএ ও এনআরসি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় পশ্চিমবঙ্গ এবং কেরালায় এনপিআরের কাজ বন্ধ করে দেওয়া হয়। কদিন আগে কংগ্রেসশাসিত রাজস্থানেও এই কাজ বন্ধ রাখার কথা জানান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রকাশ জাভড়েকর জানান, ২০১০ সালে তৎকালীন মনমোহন সিং সরকার প্রথম এনপিআর চালু করে। ২০১৫ সালে তা প্রথমবার আপডেট করা হয়। আগামী বছর দ্বিতীয়বারের জন্য তা করা হবে। তিনি বলেন, এনপিআরের জন্য কারও কাছ থেকে কোনো নথি চাওয়া হবে না। অ্যাপ ব্যবহারের মাধ্যমে যে যা তথ্য দেবেন তাই সত্য বলে গৃহীত হবে।

কংগ্রেস আমলে এনপিআর ও ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’ (ইউআইডিএআই) আধার কার্ড তৈরির সিদ্ধান্ত প্রথম নেয়। মূল উদ্দেশ্য, গ্রাহকদের ব্যাংক খাতায় ভর্তুকির অর্থ সরাসরি পৌঁছে দেওয়া। পরে এনপিআরকে ছাপিয়ে বড় হয়ে ওঠে আধার কার্ড। আপাতত দেশের ১৩০ কোটি জনতার মধ্যে ১২১ কোটি আধার কার্ড বিলি করা হয়েছে। আধারের এই সাফল্যের পাশাপাশি এনপিআর করা কেন প্রয়োজন, তা সরকার সেভাবে ব্যাখ্যা করেনি। মন্ত্রী শুধু বলেন, দুটির উদ্দেশ্য পৃথক।