ভারতে নারী নিগ্রহে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ
নারী নিগ্রহে এখন ভারতের শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ রাজ্য। আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। আজ রোববার এনসিআরবির প্রাথমিক প্রতিবেদনটি প্রকাশ করেছে কলকাতার দৈনিক এই সময় পত্রিকা।
প্রতিবেদনে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, সর্বশেষ ২০১৬ সালে সবচেয়ে বেশি নারী নিগ্রহের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সংখ্যা ৪৮ হাজার ৭৫৭। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। সংখ্যা ৩৪ হাজার ২০৫। তৃতীয় স্থানে মহারাষ্ট্র। সংখ্যা ৩১ হাজার ৩০৮।
প্রতিবেদনে এ কথাও বলা হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে নারী নিগ্রহের ঘটনা কমেছে পশ্চিমবঙ্গে। ২০১৪ সালে পশ্চিমবঙ্গে এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৩১২ আর ২০১৫ সালে ছিল এই সংখ্যা ৩৪ হাজার ৩৭৪। অধিকাংশ বড় রাজ্যে বেড়েছে এই নারী নিগ্রহের ঘটনা। এর মধ্যে রয়েছে গুজরাট, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানা। বেড়েছে উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ ও পাঞ্জাবেও।