ভারতে নারী নিলামে: বুল্লি বাই অ্যাপের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ভারতে অ্যাপ ব্যবহার করে শতাধিক নারীকে ‘অনলাইন বিক্রি’র জন্য নিলামে তোলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মুম্বাই পুলিশের সাইবার সেল বেঙ্গালুরু থেকে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তিনি প্রকৌশলের ছাত্র।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাঁর বয়স ২১ বছর। নারীদের নিলামে তোলার ঘটনায় গত রোববার একটি মামলা হয়েছে মুম্বাইয়ে। তবে এই মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া দিল্লিতেও একটি মামলা হয়েছে।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, যাঁকে আটক করা হয়েছে, তাঁকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। মুম্বাইয়ে এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই শিক্ষার্থীর বাবা সরকারি চাকরি করেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মুম্বাই ও দিল্লির থানা-পুলিশে প্রাথমিক অভিযোগের পর কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক মন্ত্রী অশ্বিনী বিষ্ণু এক টুইট বার্তায় গত রোববার লিখেছেন, দিল্লি ও মুম্বাইয়ের পুলিশের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

এর আগে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছিল, নিলামে বিক্রির জন্য যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, সেটির নাম ‘বুল্লি বাই’। ভারতের শতাধিক নারীর ছবি আপলোড করা হয়েছিল ওই অ্যাপে। এসব নারীর মধ্যে বলিউডের অভিনেত্রী শাবানা আজমিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনীতিবিদ। এই নারীদের সবাই মুসলিম।

গত বছরের জুলাইয়ে এমন একটি ঘটনা ঘটেছিল। সে সময় যে অ্যাপের মাধ্যমে এই বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার নাম ‘সুল্লি ডিলস’। ওই অ্যাপের মাধ্যমে বিক্রির জন্য নাম উঠেছিল প্রায় ৮০ মুসলিম নারীর। এই ‘বুল্লি’ কিংবা ‘সুল্লি’—দুটি শব্দই ব্যবহার করা হয় নারীদের অপমান করার জন্য।

গত শনিবার ‘বুল্লি বাই’ অ্যাপটি নামিয়ে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, ‘সুল্লি ডিলস’ ক্লোন করে এটি তৈরি করা হয়েছে।