ভারতে নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ ৫৫ জনের তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ইসলামি বক্তা জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছেন—এমন ৫৫ জনের একটি তালিকা করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জাকির নায়েকের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশের পর দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ৫৫ জনের এই তালিকা করে।

তালিকায় থাকা ওই ৫৫ জনকে গত প্রায় এক দশকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়। ওই ব্যক্তিরা বলেছেন, তাঁরা জাকির নায়েকের বক্তব্যে প্রভাবিত হয়েছেন বা তাঁর বক্তব্য প্রচার করা অনুষ্ঠান দেখেছেন।

সূত্র জানায়, তালিকায় থাকা ব্যক্তিরা বলেছেন, তাঁরা এসআইএমআই, লস্কর-ই-তাইয়েবা, ইন্ডিয়ান মুজাহিদীন, আইএস প্রভৃতি গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

অতীতে জাকির নায়েকের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি ফৌজদারি মামলার বিষয়বস্তুও যাচাই করছে নিরাপত্তা সংস্থাগুলো।