ভারতে নির্বাচনী জনসভায় নিষেধাজ্ঞা আরও সাত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের আগে ভারতের উত্তর প্রদেশের সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল
ছবি: এএনআই

কোভিড সংক্রমণের কারণে পাঁচ রাজ্যের ভোটের প্রচারে সব ধরনের নির্বাচনী জনসভা, রোড শো, পদযাত্রা ও বাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ, অর্থাৎ ২২ জানুয়ারি পর্যন্ত জারি থাকছে। তবে পাঁচজনকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং সর্বাপেক্ষা ৩০০ জন অথবা সভাস্থলের ৫০ শতাংশ আসন ভরাট করে দলীয় সভা করা যাবে।
বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি বিবেচনা করে ভারতের নির্বাচন কমিশন আজ শনিবার এই সিদ্ধান্ত জানিয়েছে। নির্বাচন কমিশন জানায়, ২২ জানুয়ারি পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাঁচ রাজ্যের ভোটপর্ব শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি।

উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুর বিধানসভার ভোটের তফসিল ঘোষণার সময় ৮ জানুয়ারি নির্বাচন কমিশন জনসমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র বলেছিলেন, করোনা সংক্রমণ মাত্রাছাড়া হয়ে ওঠার কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বড়-ছোট নির্বাচনী জনসমাবেশ বন্ধ থাকবে। এমনকি পথসভা বা পথনাটকও করা যাবে না। ১৫ জানুয়ারি কমিশন পরিস্থিতি বুঝে ঠিক করবে নিষেধাজ্ঞা বহাল রাখা হবে কি না, এরপর সেই অনুযায়ী শনিবার সকাল থেকে কমিশন দফায় দফায় বৈঠক করে। সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকের পর দুপুরে কমিশন আলোচনা করে পাঁচ রাজ্যের স্বাস্থ্য সচিবদের সঙ্গে। এরপর হয় কমিশনের নিজের বৈঠক।

উত্তর প্রদেশে জানুয়ারির প্রথম সপ্তাহে করোনা সংক্রমণের ‘পজিটিভিটি’ হার ছিল ১ হাজার ৩০০ শতাংশ। পাঞ্জাবের মোট ২২ জেলার মধ্যে ১৬টির ‘পজিটিভিটি রেট’ ছিল ৫ শতাংশের বেশি।