ভারতে নিষিদ্ধ হলো আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জঙ্গি ইসলামী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) নিষিদ্ধ ঘোষণা করেছে। আইএসের তৎপরতার সমর্থনে টুইটার অ্যাকাউন্ট পরিচালনার দায়ে এক প্রকৌশলীকে গ্রেপ্তারের কয়েক দিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। খবর রয়টার্সের।
আইএসকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ঝুলিয়ে রেখেছিল ভারত। মনে করা হয়, দেশটিতে এই চরমপন্থী সংগঠনের তেমন তৎপরতা না থাকাই এর কারণ। আবার ইরাকে আটকে পড়া ৩৯ ভারতীয় নির্মাণশ্রমিকের নিরাপত্তা বিবেচনা করেও সিদ্ধান্তটি নিতে দেরি করছিল ভারত। ধারণা করা হয়, ওই ৩৯ জন আইএসের হাতে বন্দী আছে। নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, আইএস নিষিদ্ধ হওয়ার পর এসব শ্রমিকের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেল।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল পার্লামেন্টে বলেন, ‘ইরাক, সিরিয়া ও অন্যান্য দেশে আইএসের তৎপরতা নিয়ে আমরা সজাগ আছি। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছি।’
উল্লেখ্য, জনসংখ্যার হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ভারত। ভারতীয় পুলিশের দাবি, এ পর্যন্ত চারজন ভারতীয় আইএসে যোগ দিয়েছে। এদের মধ্যে একজন দেশে ফিরে গ্রেপ্তার হয়ে এখন জেলে আছে।