ভারতে নোট বিড়ম্বনায় মানুষ, এটিএম বুথে লম্বা লাইন
কালোটাকার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করেছে। কিন্তু ব্যাংক ও এটিএম বুথ থেকে বাতিল নোট জমা দিয়ে নতুন ২০০০ রুপির নোটসহ সমপরিমাণ অর্থ তুলতে গিয়ে বিড়ম্বনার স্বীকার হচ্ছে জনসাধারণ। ব্যাংক ও বুথগুলোয় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানুষকে। পরিস্থিতি জটিল হয়ে ওঠা ঠেকাতে বিশেষ নিরাপত্তার উদ্যোগ নিয়েছে সরকার।
ভারতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে এটিএম বুথগুলো নতুন ৫০০ ও ২০০০ রুপির নোট সরবরাহ শুরু করে। এটিএম কার্ড প্রতি দুই হাজার রুপি করে তুলতে পারছিলেন গ্রাহকেরা। দিল্লি ও মুম্বাই থেকে কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরু পর্যন্ত ভারতজুড়ে বুথগুলোর সামনে মানুষের লম্বা লাইন তৈরি হয়।
বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকেও গতকাল শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিটে ভারতের রাষ্ট্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এক শাখায় সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়াতে দেখা গেছে। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ‘আমি এখানে চার হাজার রুপি বদলাতে এসেছি। আমার দেশের মানুষ দুর্দশার মধ্যে পড়েছে, আমি তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে এসেছি।’
তবে ভারতজুড়ে বেশির ভাগ বুথে পর্যাপ্ত অর্থ না থাকায় এবং নতুন নোট সরবরাহ করতে অনেক বুথে কারিগরি পুনর্বিন্যাস না করায় সেগুলো খুব একটা কাজে আসেনি।
অন্য ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে টাকা তোলার ক্ষেত্রে ভারতের ব্যাংকগুলো সারচার্জ নেওয়া সাময়িক বন্ধ রেখেছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সপ্তাহান্তে বলেছে, বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ৫৩ হাজার কোটি রুপি জমা পড়েছে ব্যাংকগুলোয়।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য বলেছেন, এটিএমগুলোয় স্বাভাবিক সেবা নিশ্চিত করতে ১০ দিনের মতো সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আপনাকে বুঝতে হবে, দেশে দুই লাখ (সব কটি ব্যাংকের) এটিএম রয়েছে, কিন্তু বুথ স্থাপন ও সংস্কারকারী প্রতিষ্ঠান রয়েছে মাত্র তিন থেকে চারটি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক, পোস্ট অফিস ও এটিএম বুথগুলোয় বিশেষ নিরাপত্তা বিধান করতে রাজ্য সরকারগুলোকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শহরজুড়ে ব্যাংক ও এটিএম বুথে নিরাপত্তা দিতে প্রায় সাড়ে তিন হাজার আধা সামরিক বাহিনী ও পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।