ভারতে পদদলিত হয়ে ১০ তীর্থযাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকুটের কামতানাথ মন্দিরে আজ সোমবার ভোরে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে ১০ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন।


ভোর ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ভাদ্র মাসের অমাবস্যা তিথি উপলক্ষে ওই মন্দিরে হাজারো ভক্তের ভিড় হয়। সকালে মন্দিরে ঢোকার জন্য তীর্থযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় দুর্ঘটনা ঘটে।
সাতনা জেলা কালেক্টর এম এন মিনা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত প্রত্যেক পরিবারকে দুই লাখ, গুরুতর আহত পরিবারকে ৫০ হাজার এবং ছোটখাটো আঘাত পাওয়া তীর্থযাত্রীদের পরিবারকে ১০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।


টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, পাঁচ কিলোমিটার দীর্ঘ ওই পরিক্রমা পথটি দড়ি দিয়ে ঘেরা ছিল। কয়েক হাজার তীর্থযাত্রী সেখানে হাঁটছিলেন।


রেওয়া অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক পাওয়ান শ্রীবাস্তব বলেন, ‘আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পাই। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।’


হিন্দু ধর্মমতে বিশ্বাস করা হয়, কামাদগিরি পাহাড়ে রাম, সীতা ও লক্ষ্মণ তাঁদের বনবাস জীবন কাটিয়েছেন। সেই বিশ্বাস থেকে তীর্থযাত্রীরা সোমাবতী অমাবস্যা উপলক্ষে সেখানে জড়ো হন। ওই পরিক্রমা পথে অনেক মন্দির রয়েছে।


২০১৩ সালের অক্টোবরে মধ্যপ্রদেশের রতনগড় মন্দিরের কাছে পদদলিত হয়ে ১১৫ জন তীর্থযাত্রী নিহত এবং ১০০ জন আহত হন।