ভারতে পরবর্তী লোকসভা নির্বাচন নতুন ভোটযন্ত্রে
ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন নতুন ভোটযন্ত্রে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। ২০১৯ সালে হবে পরবর্তী নির্বাচন। এ জন্য বর্তমানের ৯ লাখ ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনকে বাদ দিতে হবে কমিশনকে। ইতিমধ্যে সে প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটিং মেশিনে কোনো ভোট জালিয়াতির সুযোগ নেই। অবশ্য ইভিএমে জাল ভোটের অভিযোগে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে।
ভারতে এ বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনের ফল ঘোষণার দিনই উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী অভিযোগ তুলেছিলেন ইভিএম মেশিনে ভোট কারসাজির। একই অভিযোগ তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। সবার অভিযোগ, ভোটযন্ত্র (ইভিএম) কারসাজি হয়েছে। তাঁরা নির্বাচনে ব্যালট পেপারে ভোট দেওয়ারও দাবি তুলেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন ইভিএমে কারসাজির অভিযোগ খারিজ করেছে।
২০১৯ সালে ভোটের কথা মাথায় রেখে সর্বাধুনিক নতুন ভোটিং মেশিন কিনছে নির্বাচন কমিশন। ইভিএম কিনতে খরচ হচ্ছে এক হাজার ৯৪০ কোটি রুপি। সর্বশেষ ২০০৬ সালে নির্বাচন কমিশনের কেনা ৯ লাখ ৩০ হাজার ৪৩০টি ইভিএম মেশিন বাতিল করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের দুই রাস্ট্রায়াত্ব সংস্থা হায়দারাবাদের ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া ও বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই ইভিএম যন্ত্র তৈরি করবে। ইভিএমে কেউ জালিয়াতি করতে চাইলে আপনা আপনি বন্ধ হয়ে যাবে ইভিএম। কারণ মেশিনে কোন জালিয়াতির সুযোগ থাকবে না। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, ওয়ান ইন্ডিয়া।