ভারতে পাঁচ রাজ্যে নির্বাচনের সূচি ঘোষণা
ভারতের নির্বাচন কমিশন গতকাল বুধবার দেশটির পাঁচটি রাজ্য বিধানসভার নির্বাচনের সূচি ঘোষণা করেছে। আগামী মাসে শুরু হয়ে তা শেষ হবে মার্চে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ রুপির যে নোট বাতিল করেছেন, সে বিষয়ে ভোটারদের সমর্থন যাচাইয়ের পরীক্ষা হবে এ নির্বাচন।
প্রধান নির্বাচন কমিশনার নাসিম জাইদি সাংবাদিকদের বলেন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশ বিধানসভার নির্বাচন আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হবে। নির্বাচন শেষ হবে ৮ মার্চ। অন্য যেসব রাজ্যে নির্বাচন হবে সেগুলো হলো গোয়া, মণিপুর, পাঞ্জাব ও উত্তরাখন্ড। পাঁচ রাজ্যেরই ভোট গণনা শুরু হবে ১১ মার্চ।
প্রধানমন্ত্রী মোদি উত্তর প্রদেশ রাজ্যে তাঁর দলকে জেতাতে এরই মধ্যে ব্যাপক প্রচার শুরু করেছেন। করেছেন বেশ কয়টি সভা-সমাবেশ। ভারতে দুর্নীতি রোধে উচ্চমূল্যের নোট বাতিল করার পদক্ষেপকে তিনি এ নির্বাচনে কেন্দ্রীয় ইস্যু বানিয়েছেন।
২০১৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়লাভের পর প্রধানমন্ত্রী মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর শরিকেরা ভারতের ২৯টি রাজ্যের মধ্যে ১৪টির বিধানসভায় ক্ষমতাসীন দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। অন্য রাজ্যগুলোতে বিরোধী কংগ্রেস ও আঞ্চলিক দলগুলো ক্ষমতাসীন।