ভারতে পাকিস্তানপন্থী তৎপরতা বরদাশত করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনাথ সিং
রাজনাথ সিং

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু, কাশ্মীরসহ দেশের যেকোনো স্থানে পাকিস্তানি পতাকা ওড়ানোয় যারা জড়িত, তাদের ‘কোনো ছাড়’ দেওয়া হবে না। নরেন্দ্র মোদি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাজনাথ সিং বলেন, আগেও (অন্য সরকারের আমলে) এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তা আর বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে যে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে সরকার কী করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার কিংবা জাকিউর রেহমান লাখভির বিরুদ্ধে ইন্টারপোল ইতিমধ্যে রেড নোটিশ জারি করেছে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সর্বোচ্চ চেষ্টা করছে নয়াদিল্লি।
এ বিষয়ে পাকিস্তানকে আরেক দফা তথ্য দিয়ে তাগিদ দেওয়া হবে কি না—জানতে চাইলে রাজনাথ বলেন, এই মুহূর্তে এ ধরনের কোনো প্রস্তাব নেই। তবে এ-সংক্রান্ত কাগজপত্র পাকিস্তানকে ২০১২ সালেই দেওয়া হয়েছে।