ভারতে পুণ্যস্নানে পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে পদদলিত হয়ে ২৭ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থীরা রাজ্যের গোদাবরী নদীর তীরে মহা পুষ্করালু উৎসব উপলক্ষে স্নানের জন্য জড়ো হয়েছিল। খবর বিবিসির।
অন্ধ্রের রাজামুন্দ্রি জেলায় গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটার দিকে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যেই অধিকাংশই নারী। ১২ দিনব্যাপী এই উৎসবে ২ কোটি ৪০ লাখ মানুষ অংশ নেবে বলে মনে করা হচ্ছে।
রাজামুন্দ্রি জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা শ্রীনিবাসন রাও বলেন, পাপ মুক্তির আশায় শুভ তিথিতে স্নান করার জন্য হুড়োহুড়ি লেগে গেলে মানুষ পদদলিত হয়।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও গতকাল সকালেই এখানে স্নান সারেন। মুখ্যমন্ত্রী একাধিক টুইটার বার্তায় জানান, এ ঘটনা তিনি নিজেও পর্যবেক্ষণ করছেন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি।